Thursday, November 26, 2026
23 C
Kolkata

বিশ্ববাংলা লোগো সরিয়ে হনুমান মূর্তি বসছে দুর্গাপুরে, উদ্বোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী

প্রশাসনিক বৈঠক ও একাধিক কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হচ্ছে শহরের বিভিন্ন এলাকা। তবে মুখ্যমন্ত্রীর সফরের অন্যতম কর্মসূচি হিসেবে একটি বিশাল হনুমান মূর্তির উদ্বোধনকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে এই মূর্তি বসানো নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতা-কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের একাংশ।শুক্রবার সকালে কলকাতা থেকে বিমানে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিমাননগরীতে যাবেন তিনি। সেখানে বেসরকারি মিশন হাসপাতালের উদ্যোগে তৈরি হতে চলা ৫০০ শয্যার ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। সবশেষে সিটি সেন্টারের ডিএমসি মোড়ে হনুমানের একটি বিশাল মূর্তির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।প্রায় ৩০ ফুট উঁচু ফাইবার গ্লাসের তৈরি এই হনুমান মূর্তিটি দুর্গাপুজোর সময় ক্ষুদিরাম মাঠে বসানো হয়েছিল। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের সংস্থা ‘স্বপ্ন পূরণ’-এর পুজোমণ্ডপের সামনে রাখা হয়েছিল সেটি। সম্প্রতি ক্রেনের সাহায্যে মূর্তিটি ডিএমসি মোড়ে নিয়ে আসা হয়। এরপর থেকেই সেখানে সাজসজ্জার কাজ চলছে। বৃহস্পতিবার বিকেল থেকে মূর্তিকে ঘিরে ভজন ও কীর্তনের আয়োজন করা হয়েছে। প্রাণপ্রতিষ্ঠার জন্য একটি ছোট পাথরের হনুমান মূর্তিও আনা হয়েছে।এদিকে, ডিএমসি মোড়ে আগে থাকা বিশ্ববাংলার লোগো সরিয়ে সেখানে হনুমান মূর্তি বসানো নিয়েই আপত্তি উঠেছে। দুর্গাপুরের মতো শিল্পনগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে এই ধরনের মূর্তি স্থাপনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।অ্যালয় স্টিল প্লান্টের প্রাক্তন কর্মী ও সাহিত্যিক রণজিৎ গুহ বলেন, দুর্গাপুরে ছয় দশক ধরে রয়েছেন তিনি। এত বছরে কোনও মুখ্যমন্ত্রীকে এই ধরনের মূর্তি উদ্বোধন করতে আসতে দেখেননি। তাঁর মতে, ওই জায়গায় স্থানীয় শিল্পের পরিচয় তুলে ধরতে অ্যালয় স্টিল প্লান্টের তৈরি স্টিল দিয়ে কোনও ভাস্কর্য বসানো যেত।একইভাবে রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সম্পাদক সুদীপ্ত কর্মকার। তাঁর বক্তব্য, একের পর এক কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে। সেগুলি খোলার উদ্যোগ না নিয়ে মূর্তি উদ্বোধনকে গুরুত্ব দেওয়া হচ্ছে কেন?সিপিএমের জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বসুও সরকারি জমি ও জনগণের করের টাকা ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে বিরোধীদের সমালোচনা মানতে নারাজ বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তাঁর দাবি, সাধারণ মানুষের ইচ্ছাতেই এই মূর্তি বসানো হয়েছে। এর ফলে শহরের প্রবেশপথের সৌন্দর্য আরও বাড়বে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সফরের আগেই হনুমান মূর্তি ঘিরে সরগরম দুর্গাপুরের রাজনীতি।

Hot this week

বেলেঘাটায় বিজেপির পার্টি অফিসে নাবালককে যৌন নির্যাতন, ৩ মহিলা-সহ অভিযুক্ত ৪ জন

কলকাতার বেলেঘাটায় বিজেপির একটি পার্টি অফিসে ১৭ বছরের এক...

মোদি সরকারের ১০ বছরে ব্যাঙ্কের খাতা থেকে বাদ ১৮ লক্ষ কোটি টাকার ঋণ, আদায় হয়েছে কত?

ব্যাঙ্ক থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণ সময়মতো ফেরত না...

পারিবারিক অশান্তির জেরে স্বামীকে মারধর! বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শ্বশুরের

সন্দেশখালির আন্দোলনের হাত ধরেই রাজ্য রাজনীতিতে পরিচিতি পেয়েছিলেন রেখা...

Topics

Related Articles

Popular Categories