কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এ ফের উত্তেজনা ছড়াল। শনিবার ভোরে বিপুল সংখ্যক পুলিশকর্মী ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের আন্দোলনের মঞ্চ সরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। পড়ুয়াদের দাবি, তাঁদের কোনও আগাম নোটিস না দিয়েই এই অভিযান চালানো হয়। পুলিশের বিরুদ্ধে মারধর, জোর করে সরিয়ে দেওয়া এবং ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা।পড়ুয়াদের বক্তব্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা নাগাদ ৩০০-রও বেশি পুলিশকর্মী ক্যাম্পাসে প্রবেশ করেন। তাঁদের মধ্যে কয়েক জনের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল বলেও দাবি। এরপর ধর্নামঞ্চে রাখা চেয়ার, টেবিল-সহ বিভিন্ন আসবাবপত্র এবং অন্যান্য জিনিস সরিয়ে ফেলা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ওই সামগ্রীগুলি প্রতিষ্ঠানেরই সম্পত্তি। তা সত্ত্বেও দু’টি ছোট পিক-আপ ভ্যানে করে সেগুলি ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়।এই কাজের প্রতিবাদ জানাতে গেলে পুলিশ ও পড়ুয়াদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ। কয়েক জন পড়ুয়াকে টেনেহিঁচড়ে আন্দোলনের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। ছাত্রীদের সঙ্গেও একই ধরনের আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার ছবি ও ভিডিয়ো তুলতে গেলে কয়েক জনের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলেও দাবি করেছেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, তাঁরা কোনও ধরনের উস্কানি না দিলেও পুলিশের তরফে বলপ্রয়োগ করা হয়েছে।পড়ুয়াদের আরও অভিযোগ, সকাল সাড়ে ৭টা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন ছিল। হস্টেল থেকে মূল ফটকের দিকে যাওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছিল। বাইরে বেরোনোর সুযোগ না পাওয়ায় সমস্যায় পড়েন তাঁরা। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পুলিশ ছড়িয়ে থাকায় একে অপরের সঙ্গে যোগাযোগ রাখাও কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।অন্যদিকে, পড়ুয়াদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান জানিয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। একটি বিবৃতিতে তারা জানায়, এক মাসেরও বেশি সময় ধরে কিছু পড়ুয়া অনুমতি ছাড়াই ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছিলেন। আদালতের নির্দেশ এবং কলকাতা পুলিশের সহযোগিতায় সেই অস্থায়ী মঞ্চ সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।পাশাপাশি, আন্দোলনের নামে ক্যাম্পাসে আগুন জ্বালানো, উচ্চস্বরে গান বাজানো, রাত পর্যন্ত অনুষ্ঠান করা এবং বহিরাগতদের এনে শিক্ষক ও কর্মীদের ভয় দেখানোর মতো ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেছে কর্তৃপক্ষ। মাদক ও মদ্যপানের অভিযোগও তোলা হয়েছে। যদিও এই অভিযোগগুলি নিয়ে পড়ুয়াদের বক্তব্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর থেকে এসআরএফটিআইয়ে পড়ুয়াদের আন্দোলনকে কেন্দ্র করে অচলাবস্থা চলছে। আন্দোলনকারী ও কর্তৃপক্ষের মধ্যে বিরোধের জেরে পঠনপাঠনও বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। এর মধ্যেই শনিবারের পুলিশি অভিযানকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হল প্রতিষ্ঠানের ক্যাম্পাসে। পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রয়েছে।
ভোরে বিপুল পুলিশবাহিনীর অভিযান, এসআরএফটিআইয়ে ধর্নামঞ্চ সরানো ঘিরে পড়ুয়াদের হেনস্থার অভিযোগ
Popular Categories


