অসমে বড়সড় রেল দুর্ঘটনা। গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ডিগারু এলাকায় লাইনচ্যুত হল কলকাতা-সাইরাং এক্সপ্রেসের সাতটি কামরা। বুধবার সকাল পৌনে সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। আচমকা ট্রেনের একাধিক কামরা লাইন থেকে ছিটকে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।রেল সূত্রে জানা গিয়েছে, মিজোরামের সাইরাং থেকে কলকাতার দিকে আসছিল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। ডিগারু স্টেশনের কাছাকাছি পৌঁছনোর পর আচমকাই ট্রেনটির সাতটি কামরা লাইন থেকে নেমে যায়। বিকট শব্দ শুনে আশপাশের এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে গিয়ে তাঁরা দেখেন, ট্রেনের একাধিক কামরা একদিকে হেলে পড়েছে। কামরার ভিতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। কয়েকজন যাত্রী কামরার ভিতরেই আটকে পড়েন।দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। উদ্ধারকাজে যোগ দেয় স্থানীয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। লাইনচ্যুত কামরাগুলির ভিতরে আটকে থাকা যাত্রীদের নিরাপদে বাইরে বের করে আনার চেষ্টা শুরু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। তবে কতজন আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে কারও আঘাত গুরুতর কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্তে রেলের অনুমান, লুপ লাইনে ঢোকার সময় ট্রেনটির গতি যথেষ্ট কমানো হয়নি। সেই কারণেই সাতটি কামরা লাইনচ্যুত হয়ে থাকতে পারে। কুয়াশার মধ্যে লাইন পরিবর্তনের সময় এই ঘটনা ঘটে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে।এই ঘটনার জেরে মিজোরাম ও কলকাতার মধ্যে রেল চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলি সরিয়ে রেললাইন মেরামতির কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে রেল কর্তৃপক্ষ। যত দ্রুত সম্ভব ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করাই এখন তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি উদ্ধারকাজ শেষ করে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করার দিকেও নজর দেওয়া হচ্ছে। রেল দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
Popular Categories

