ছটপুজো উপলক্ষে দু’দিন বন্ধ রাখতে হবে মাংসের দোকান। বীরভূমের রামপুরহাট শহরে এমনই নির্দেশ জারি করেছে পুরসভা। আগামী ১৫ ও ১৬ নভেম্বর, অর্থাৎ রবিবার ও সোমবার বন্ধ রাখতে হবে নির্দিষ্ট কয়েকটি মাংসের দোকান। শুধু তাই নয়, অন্য দিন দোকান খোলা রাখলেও কাটা পশুর মাংস লাল শালু দিয়ে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার এই নির্দেশ ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ব্যবসায়ীদের একাংশের দাবি, এত বছর ধরে ছটপুজো হয়ে আসছে। কিন্তু আগে কখনও এ ধরনের নির্দেশ দেওয়া হয়নি। অন্যদিকে, বিরোধীদের অভিযোগ, বিজেপির মন জয়ের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন পুরসভার চেয়ারম্যান।
শুক্রবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে রামপুরহাট পুরসভা। পুরসভার লেটারহেডে চেয়ারম্যানের সই ও সরকারি স্ট্যাম্প-সহ জারি হওয়া ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছটপুজো উপলক্ষে ১৫ ও ১৬ নভেম্বর দোকান বন্ধ রাখতে হবে। পাশাপাশি দোকানে বিক্রি হওয়া কাটা পশু, যেমন ছাগল, খাসি ও ভেড়ার মাংস লাল শালু দিয়ে ঢেকে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
পুরসভার এই নির্দেশে স্বাভাবিকভাবেই ক্ষতির আশঙ্কা করছেন মাংস ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, রবিবার ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় বিক্রিবাটা বেশি হয়। ফলে ওই দিন দোকান বন্ধ থাকলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের। রামপুরহাটের কোর্ট গলির এক মাংস ব্যবসায়ীর কথায়, ‘‘পুরসভা থেকে ফোন করে বলা হয়েছে, ১৫ ও ১৬ তারিখ দোকান বন্ধ রাখতে হবে। কিছু বলার থাকলে বড়বাবুকে ফোন করতে বলা হয়েছে।’’
ওই ব্যবসায়ীর আরও দাবি, তাঁদের দোকান থেকে বিভিন্ন রেস্তরাঁয় নিয়মিত মাংস সরবরাহ করা হয়। রবিবার অনেক বাঁধা খরিদ্দারও থাকেন। তাঁর কথায়, ‘‘পর্দা টেনে বা শাটার ফেলে কাজ করার অনুমতি দিলেও হত। তা হলে ব্যবসার এতটা ক্ষতি হত না। কিন্তু পুরসভা যখন নির্দেশ দিয়েছে, তখন মানতেই হবে।’’
তবে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক চাপানউতরও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, বিজেপির কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতেই এমন পদক্ষেপ করেছেন পুরসভার চেয়ারম্যান। কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ বলেন, ‘‘রামপুরহাট পুরসভার চেয়ারম্যান তৃণমূলের। কিন্তু ভোটের পর বেশির ভাগ কাউন্সিলর বিজেপির সঙ্গে সম্পর্ক রেখে চলছেন, নিজেদের পদ বাঁচানোর জন্য।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘বিজেপি সরকারের কাছে নম্বর বাড়ানোর জন্যই চেয়ারম্যান এই প্রথম এমন নির্দেশ জারি করেছেন। রামপুরহাটে প্রত্যেক উৎসবে সকলে মিলেমিশে আনন্দ করেন। এই ধরনের সিদ্ধান্ত আসলে ভাগাভাগির রাজনীতির অংশ।’’
যদিও পুরসভার বক্তব্য, শহরের কোর্ট গলিতে রাস্তার ধারে পাশাপাশি থাকা তিনটি মাংসের দোকানেই মূলত এই নির্দেশ কার্যকর করা হবে। পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকতের দাবি, ওই দোকানগুলিতে প্রকাশ্যে পশু কাটা হয়। সেই কারণেই ছটপুজোর দু’দিন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘‘সকলের ভাবাবেগকে মর্যাদা দিতেই এই সিদ্ধান্ত।’’
অন্যদিকে, বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। তাঁর বক্তব্য, ‘‘ওঁদের যদি মনে হয়, এগুলি গুরুত্বহীন কাজ, তা হলে আদালতে যান। আদালতের দরজা তো সকলের জন্য খোলা।’’
সব মিলিয়ে ছটপুজোকে কেন্দ্র করে রামপুরহাটে মাংসের দোকান বন্ধ রাখার পুরসভার নির্দেশ এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির আশঙ্কা এবং বিরোধীদের রাজনৈতিক অভিযোগ—দুইয়ে মিলিয়ে উত্তাপ বাড়ছে শহরের রাজনীতিতে।

