দেশের অন্যতম জনপ্রিয় প্যাকেজড পানীয় জলের ব্র্যান্ড বিসলেরি (Bisleri)-কে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সংস্থার উৎপাদিত পানীয় জলের নমুনায় ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকের উপস্থিতি মিলেছে বলে জানিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। পরপর দু’টি পরীক্ষায় নমুনা অনিরাপদ প্রমাণিত হওয়ার পর বিসলেরির বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতিও দিয়েছে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা। রবিবার সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনে FSSAI।
জানা গিয়েছে, সম্প্রতি বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের একটি উৎপাদন কেন্দ্র থেকে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের নমুনা সংগ্রহ করেন FSSAI-এর আধিকারিকরা। প্রথম দফার পরীক্ষাতেই ধরা পড়ে বিপত্তি। নমুনায় পাওয়া যায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত নিরাপদ সীমার তুলনায় অনেক বেশি। উল্লেখ্য, জল শোধনের সময় ওজোনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে ব্রোমেট তৈরি হতে পারে। পানীয় জলে ব্রোমেটের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা প্রতি লিটারে ০.০১ মিলিগ্রাম। কিন্তু বিসলেরির নমুনায় সেই সীমা অতিক্রম করার অভিযোগ ওঠে। এরপরই সংশ্লিষ্ট নমুনার জলকে ‘অনিরাপদ’ বলে ঘোষণা করে FSSAI।
তবে প্রথম পরীক্ষার রিপোর্টের বিরুদ্ধে আপিল করে বিসলেরি কর্তৃপক্ষ। সেই আবেদনের ভিত্তিতে নমুনা পাঠানো হয় রেফারেল ফুড ল্যাবরেটরিতে। কিন্তু দ্বিতীয় পরীক্ষাতেও স্বস্তি মেলেনি সংস্থার। বরং পরীক্ষায় জলের নমুনায় পাওয়া যায় পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAHs)। ব্রোমেটের পাশাপাশি এই রাসায়নিকগুলির কিছু যৌগও ক্যানসারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। ফলে দ্বিতীয় পরীক্ষাতেও সংশ্লিষ্ট পানীয় জলকে অনিরাপদ বলে চিহ্নিত করা হয়।
এরপরই আইন অনুযায়ী বিসলেরির বিরুদ্ধে মামলা শুরু করার অনুমতি দিয়েছে FSSAI। কেন্দ্রীয় সংস্থার বক্তব্য, পরীক্ষাগারের রিপোর্টের ভিত্তিতেই সংশ্লিষ্ট পানীয় জলকে অনিরাপদ ঘোষণা করা হয়েছে এবং সেই অনুযায়ী আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত বিসলেরির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, বিসলেরির দাবি, তাদের প্রতিটি বোতলজাত জল ১০টি ধাপে শোধন করা হয় এবং ৯০টি পৃথক মান যাচাইয়ের মধ্য দিয়ে যায়। কিন্তু সেই দাবির মধ্যেই সংস্থার পানীয় জলের নমুনায় একাধিক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতির অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ন্ত্রণ নিয়ে।
দেশের কোটি কোটি মানুষের দৈনন্দিন পানীয় জলের চাহিদা মেটায় বোতলজাত জল। সেই বাজারের অন্যতম পরিচিত ব্র্যান্ডের বিরুদ্ধে এমন অভিযোগ প্রকাশ্যে আসায় উদ্বেগ বাড়ছে সাধারণ গ্রাহকদের মধ্যে।


