ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল পাশ করাতে এবার বিরোধী শিবিরের সাংসদদের ভাঙানোর চেষ্টা করছে বিজেপি। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন শিবসেনা (উদ্ধবপন্থী) নেতা সঞ্জয় রাউত। তাঁর দাবি, সংসদে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে বিরোধী দলের সাংসদদের প্রত্যেককে ১৫০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বিলের পক্ষে ভোট দিলে দলত্যাগ বিরোধী আইনের হাত থেকেও রেহাই দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেন, আসন্ন শীতকালীন অধিবেশনে ডিলিমিটেশন বিল পাশ করানোর জন্য ঘোড়া কেনাবেচার রাজনীতি শুরু করেছে বিজেপি। প্রথমে বড় আকারে বিরোধী দল ভাঙার চেষ্টা হলেও সেই পরিকল্পনা সফল না হওয়ায় এবার আলাদা আলাদা সাংসদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এই গোটা প্রক্রিয়াকে কটাক্ষ করে তিনি এর নাম দিয়েছেন ‘বিজেপি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ’। তাঁর অভিযোগ, মহারাষ্ট্রের এক প্রভাবশালী মন্ত্রীকে এই কেনাবেচার দায়িত্ব দেওয়া হয়েছে। টাকার জোগাড় থেকে শুরু করে সাংসদদের সঙ্গে যোগাযোগ, সবকিছুই সামলাচ্ছেন তিনি।
বিরোধীদের বক্তব্য, ডিলিমিটেশন বিল মোদি সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিলের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা ৮৫০ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কেন্দ্রগুলির সীমানা নতুন করে সাজানোর সুযোগও তৈরি হতে পারে। বিরোধীদের আশঙ্কা, নিজেদের রাজনৈতিক সুবিধা অনুযায়ী আসন পুনর্বিন্যাস করে আগামী নির্বাচনে বিজেপি সুবিধা পেতে চাইছে।
এই বিল পাশ করাতে আঞ্চলিক দলগুলিকেই মূলত নিশানা করা হচ্ছে বলে অভিযোগ। তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া একাংশের সাংসদ এবং ডিএমকের প্রতিনিধিদের সমর্থন পাওয়ার চেষ্টা চলছে বলে দাবি বিরোধীদের। ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনকে রাজ্যসভায় এনে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, এনসিপিআইয়ের কয়েকজন সাংসদের সমর্থন পেতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়ার বিষয়ে দর কষাকষি চলছে বলেও দাবি করা হচ্ছে।
সংখ্যার হিসাবও বিজেপির জন্য সহজ নয়। বিলটি পাশ করাতে দুই কক্ষ মিলিয়ে ৩৬২ জন সাংসদের সমর্থন প্রয়োজন বলে বিরোধীদের দাবি। অথচ গত ১৭ এপ্রিলের ভোটে সরকারপক্ষের পক্ষে ছিল ২৯৮ জন। ফলে আরও ৬০ জনের বেশি সাংসদের সমর্থন জোগাড় করতে হবে। কংগ্রেস নেতা রশিদ আলভির অভিযোগ, বিরোধী দলগুলির মধ্যে ভাঙন ধরিয়ে যে কোনও উপায়ে এই সংখ্যা পূরণ করতে চাইছে বিজেপি।
যদিও কেন্দ্রের যুক্তি, দেশের সাংবিধানিক প্রয়োজনেই ডিলিমিটেশন জরুরি। তবে কংগ্রেসের পালটা প্রশ্ন, এখনও জনগণনা সম্পূর্ণ হয়নি। তাহলে কোন হিসাবের ভিত্তিতে লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে? বিরোধীদের দাবি, আসন সংখ্যা বাড়ানোর আগে বর্তমান ৫৪৩টি আসনের ভিত্তিতেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করা হোক।


