Thursday, November 12, 2026
28 C
Kolkata

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন মধ্যপ্রদেশের রেওয়ার বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। তাঁর দাবি, দেশের কৃষকরা বছরে মাত্র তিন মাস কাজ করেন। বাকি নয় মাস তাঁদের সময় কাটে তাস খেলে, গুটখা ও মদ খেয়ে। বিজেপি সাংসদের এই মন্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছেন কৃষক সংগঠন থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক নেতারা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয়েছে ওই সাংসদকে।

ঘটনাটি গত ৯ নভেম্বরের। মধ্যপ্রদেশের মৌগঞ্জে গোবর্ধন পুজো উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কৃষকদের সম্পর্কে এমন মন্তব্য করেন জনার্দন মিশ্র। তাঁর বক্তব্যের একটি ভিডিওতে শোনা যায়, কৃষকরা তিন মাস চাষের কাজ করেন। বাকি সময় তাঁদের কাটে তাস খেলে, রাজশ্রী গুটখা ও মদ খেয়ে এবং ‘জয় ভোলে’ বলে।

ভিডিওটি সামনে আসার পরই প্রতিবাদে সরব হয় বিভিন্ন কৃষক সংগঠন। ন্যাশনাল কিষান মজদুর মহাসংঘের মৌগঞ্জ জেলা সভাপতি নরেন্দ্র সিং সাংসদের মন্তব্যের বিরোধিতা করেন। তাঁর বক্তব্য, কৃষিকাজ কোনও তিন মাসের বিষয় নয়। বীজ বোনা থেকে শুরু করে জমিতে আগাছা পরিষ্কার, সেচের ব্যবস্থা, ফসল কাটা এবং পরবর্তী মরশুমের প্রস্তুতি—সারা বছরই কৃষকদের নানা কাজে ব্যস্ত থাকতে হয়। এর পাশাপাশি মাঠে গবাদি পশুর উপদ্রব ঠেকানো, সার ও বীজের ব্যবস্থা করার মতো সমস্যারও মোকাবিলা করতে হয় তাঁদের।

কৃষক সংগঠনটি জনার্দন মিশ্রের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। কয়েকজন কৃষক তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়ে পুলিশের দ্বারস্থও হয়েছেন।

কংগ্রেস নেতা রাহুল রাজও এই মন্তব্যের সমালোচনা করেছেন। তাঁর কথায়, একজন জনপ্রতিনিধি কীভাবে দেশের কৃষকদের সম্পর্কে এমন সাধারণীকরণ করতে পারেন? তিনি সাংসদের বক্তব্যকে পশ্চাৎমুখী মানসিকতার পরিচয় বলে কটাক্ষ করেছেন। সংবাদমাধ্যমের দাবি, বিষয়টি নিয়ে বিজেপির অন্দরেও অসন্তোষ তৈরি হয়েছে। দলের কয়েকজন শীর্ষ নেতা সাংসদকে সতর্ক করেছেন।

বিতর্ক বাড়তে থাকায় বুধবার একটি ভিডিও বার্তায় ক্ষমা চান জনার্দন মিশ্র। তাঁর দাবি, বক্তব্যের একটি অংশ কেটে ছড়ানো হয়েছে। তিনি নিজেও কৃষক পরিবারের সন্তান এবং চাষিদের সমস্যা সম্পর্কে যথেষ্ট জানেন। কাউকে অপমান করার উদ্দেশ্য তাঁর ছিল না বলেও জানান তিনি। তাঁর মন্তব্যে কোনও কৃষক আহত হয়ে থাকলে তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন সাংসদ।

উল্লেখ্য, ২০২৭ সালে দেশের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে কৃষকদের সমস্যা ও অধিকার নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে বিতর্ক আরও বেড়েছে।

Hot this week

যোগী রাজ্যে জনবহুল বাজারে মুসলিম জুতো ব্যবসায়ীকে গুলি করে খুন, মৃত্যুর আগে অভিযুক্তের নাম জানিয়ে গেলেন কওসেন!

উত্তরপ্রদেশের গাজিপুরে জনবহুল বাজারের মধ্যে এক জুতো ব্যবসায়ীকে গুলি...

‘বাজি ফাটিয়ে দূষণ বাড়লেও আপত্তি নেই!’ দীপাবলির বাজিতে দূষণ বৃদ্ধি মানতে নারাজ যোগী

দীপাবলির পর দেশের বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষ...

ফের বাড়ল দুধের দাম, লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা আমুল, আজ থেকেই কার্যকর নতুন দাম

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার মধ্যে এবার সাধারণ মানুষের পকেটে...

Topics

‘বাজি ফাটিয়ে দূষণ বাড়লেও আপত্তি নেই!’ দীপাবলির বাজিতে দূষণ বৃদ্ধি মানতে নারাজ যোগী

দীপাবলির পর দেশের বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষ...

ফের বাড়ল দুধের দাম, লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা আমুল, আজ থেকেই কার্যকর নতুন দাম

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার মধ্যে এবার সাধারণ মানুষের পকেটে...

Related Articles

Popular Categories