পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কর্নাটক সরকারের সাম্প্রতিক পরীক্ষায় একাধিক তেল সংস্থার বিক্রি করা পেট্রলে নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি ইথানল পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছে। কোথাও কোথাও ইথানলের পরিমাণ ৩১ শতাংশেরও বেশি। এই ঘটনায় গাড়ির মালিকদের আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে রাজ্য সরকার। পাশাপাশি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য কেন্দ্রের কাছে ক্ষতিপূরণের ব্যবস্থার দাবি জানানো হয়েছে।কর্নাটক সরকারের নজরে রয়েছে ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম, শেল এবং নায়ারার মতো একাধিক সংস্থা। তাদের বিক্রি করা ই২০ পেট্রলের মোট ৬৩টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। বেঙ্গালুরু-সহ রাজ্যের সাতটি জেলা থেকে এই নমুনাগুলি নেওয়া হয়েছিল। পরে সেগুলি বেঙ্গালুরুর শ্রীরাম রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হয়।সরকারের পক্ষ থেকে প্রথমে সংশ্লিষ্ট তেল সংস্থাগুলির কাছে পেট্রলে ইথানলের পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু সংস্থাগুলির কাছ থেকে সন্তোষজনক উত্তর না মেলায় স্বাধীন পরীক্ষার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। পরীক্ষার ফল প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ে।কর্নাটক সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইন্ডিয়ান অয়েলের পেট্রলে ইথানলের পরিমাণ ৩১.২ শতাংশের বেশি। হিন্দুস্তান পেট্রোলিয়ামের ক্ষেত্রে তা ৩০.৫ শতাংশ। ভারত পেট্রোলিয়ামের জ্বালানিতে ২৬.৫ শতাংশ, নায়ারার ক্ষেত্রে ২৬.১ শতাংশ এবং শেলের পেট্রলে ২৫.৫ শতাংশ ইথানল পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে।দেশে পেট্রলে সর্বোচ্চ ২০ শতাংশ ইথানল মেশানোর অনুমতি রয়েছে। কিন্তু পরীক্ষায় তার চেয়ে বেশি মাত্রা ধরা পড়ায় জ্বালানির গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, পেট্রলে অতিরিক্ত ইথানল থাকলে গাড়ির জ্বালানি খরচ বাড়তে পারে, মাইলেজ কমতে পারে এবং ইঞ্জিনের রক্ষণাবেক্ষণের খরচও বেড়ে যেতে পারে।কর্নাটকের খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী রিজওয়ান আরশাদ এই অভিযোগ কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, নির্ধারিত নিয়ম না মেনে অতিরিক্ত ইথানল মেশানো হলে সাধারণ গাড়িচালকদেরই তার মূল্য দিতে হবে। তাই ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পাশে দাঁড়াতে একটি বিশেষ ক্ষতিপূরণ তহবিল তৈরির দাবি জানিয়েছেন তিনি।রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, গাড়ির মাইলেজ ১০ শতাংশ কমে গেলে দেশজুড়ে চালকদের বছরে প্রায় ৬২ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হতে পারে। ফলে এই অভিযোগের দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে।
Popular Categories

