আজ তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।
সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
রাজ্যসভায় বিরোধী দলের নেতা হিসেবে খাড়গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে কংগ্রেস। শনিবার বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বিভিন্ন নেতার সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জোটের পক্ষ থেকে।
শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হলেও তৃণমূলের পক্ষ থেকে শপথ অনুষ্ঠানে কেউ অংশ নিচ্ছেন না।
শপথ অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যে দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত থাকবেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে বিদেশি অতিথিরা নৈশভোজের আসরে যোগ দেবেন।


