মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল ছাত্রদের শিক্ষার সুযোগ করে দিতে মুর্শিদাবাদের উমরপুর এলাকায় উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে আল ঈমান মিশন। গ্রামবাংলার পিছিয়ে থাকা পড়ুয়াদের মূল শিক্ষাধারায় ফিরিয়ে আনার লক্ষ্যেই এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে প্রথম দশটি স্থান অর্জনকারী ছাত্রদের কাছ থেকে কোনো মাসিক বেতন নেওয়া হয় না। ইতিমধ্যে এই নিয়মের আওতায় বহু ছাত্র সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। পাশাপাশি, যেসব ছাত্র অত্যন্ত দরিদ্র পরিবারের হলেও পড়াশোনায় ভালো, তাদের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। বর্তমানে একশোরও বেশি ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে বিনা বেতনে পড়াশোনা করছে।
জাতীয় সড়ক ১২-এর পাশে, এমডিআই ম্যানেজমেন্ট কলেজের কাছেই প্রায় ১০০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই আবাসিক শিক্ষা কেন্দ্র। রাজ্যে এত বড় পরিসরের আবাসিক ক্যাম্পাস খুব কমই দেখা যায়। ২০১৬ সালে পরিকাঠামো নির্মাণ শুরু হলেও, ২০২২ সালের অক্টোবর থেকে নিয়মিত পাঠদান চালু হয়। শুরুতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি নিয়ে যাত্রা শুরু হলেও, বর্তমানে একাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে।এখানে মোট নথিভুক্ত ছাত্রের সংখ্যা ১২৯২ জন। বর্তমানে প্রায় ৭০০ জন ছাত্র নিয়মিত পড়াশোনা করছে। ২৭ জন অভিজ্ঞ শিক্ষক ছাড়াও হস্টেল তত্ত্বাবধায়ক, রাঁধুনি ও অন্যান্য কর্মী মিলিয়ে মোট কর্মী সংখ্যা প্রায় ৬০ জন। ছাত্রদের স্বাস্থ্য ও খাদ্যের দিকেও বিশেষ নজর দেওয়া হয়। সপ্তাহে নির্দিষ্ট দিনে মাছ ও মাংস দেওয়া হয়। ডিম, পুষ্টিকর খাবার, বিশেষ দিনে বিরিয়ানি এবং প্রতি সপ্তাহে পায়েসের ব্যবস্থাও রয়েছে।


