ব্রিটেনে ফিলিস্তিনি পাঁচ সমাজ কর্মীকে সন্ত্রাসবাদী আইনের আওতায় সাজা দেওয়া হবে না। শুক্রবার প্রেস্টন ক্রাউন কোর্টের বিচারক রবার্ট আলথাম এই সিদ্ধান্ত জানিয়েছেন। আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন অভিযুক্তদের পরিবার ও সমর্থকেরা। আদালতের বাইরে জড়ো হওয়া বহু মানুষ রায়ের পর ফিলিস্তিনের সমর্থনে স্লোগান দেন।ব্রেন্ডন ও’হাগান (২৮), আমান্ডা কেলি (৩১), হমিরা আতীকনিসার (৩১), মহম্মদ মালিক (২৮) এবং আলমা ইয়ানিভ (৭০)-এর বিরুদ্ধে ২০২৪ সালের অগস্টে ল্যাঙ্কাশায়ারের বার্নলি শহরের একটি বার্কলেস ব্যাঙ্কের শাখায় ভাঙচুরের অভিযোগ ছিল। ওই ঘটনায় প্রায় ২ লক্ষ ১২ হাজার পাউন্ডের ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ। ইজরায়েলি অস্ত্র প্রস্তুতকারী সংস্থা এলবিট সিস্টেমসের সঙ্গে বার্কলেসের আর্থিক সম্পর্কের প্রতিবাদেই তাঁরা ওই কর্মসূচি করেছিলেন।জুন মাসে পাঁচ জনকেই অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়। তবে সেই সময় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে সাজা হতে পারে, এমন কোনও বিষয় অভিযুক্ত বা জুরির সদস্যদের জানানো হয়নি। পরে মামলার বিচারক ফিলিপ প্যারি এই ঘটনার সঙ্গে ‘সন্ত্রাসবাদী যোগ’ রয়েছে কি না, তা বিবেচনার কথা জানান। এর পরেই বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।অভিযুক্তদের আইনজীবী রাজ চাডা জানিয়েছেন, ‘সন্ত্রাসবাদী যোগ’-এর সঙ্গে যুক্ত এই আইনি বিধান বহু পুরনো হলেও সাম্প্রতিক সময়ে তা মূলত প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীদের ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে। তাঁর দাবি, সংগঠনটিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার আগের ঘটনাগুলিতেও এই আইন প্রয়োগ করা হচ্ছে, যা অত্যন্ত অস্বাভাবিক।রায়ের পর মহম্মদ মালিকের মা ডোভ মালিক বলেন, এটি তাঁদের এবং প্যালেস্টাইনের জন্য জয়। পাঁচ কর্মীও এক যৌথ বিবৃতিতে আদালতের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, তাঁরা অপরাধের অভিযোগে বিচারাধীন ছিলেন, সন্ত্রাসবাদী হিসেবে নয়।পাঁচ জনের সাজা ঘোষণা হবে আগামী ৪ সেপ্টেম্বর। এর আগে জুন মাসে ব্রিস্টলের ফিলটনে এলবিট সিস্টেমসের একটি জায়গায় ভাঙচুরের ঘটনায় চার প্যালেস্টাইন অ্যাকশন কর্মীকে সন্ত্রাসবাদী আইনের আওতায় সাজা দেওয়া হয়েছিল।২০২৫ সালের জুলাইয়ে ব্রিটিশ সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ সংগঠনের তালিকায় রাখে। এরপর সংগঠনটির সমর্থনে প্রতিবাদ করার অভিযোগে ৩,৫০০-র বেশি মানুষ গ্রেফতার হয়েছেন বলে অধিকার সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে। তাঁদের মধ্যে অনেকের বয়স ৬০ বছরের বেশি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে-র কর্তা কেরি মসকোগুরি এই রায়কে স্বাগত জানিয়ে সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন।
সন্ত্রাসবাদীর তখমা নয়, ফিলিস্তিনের ৫ সমাজ কর্মীর সাজা নিয়ে ব্রিটিশ আদালতে স্বস্তির রায়
Popular Categories


