আমেরিকার রাজনীতিতে ফের চমক। নিউইয়র্কের পর এবার লস অ্যাঞ্জেলসেও মেয়র পদে জয় পেলেন ভারতীয় বংশোদ্ভূত এক বামপন্থী নেত্রী। শহরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ৪২ বছর বয়সি নিত্যা রমন। নির্বাচনে তিনি হারিয়েছেন বিদায়ী মেয়র কারেন বাসকে। চূড়ান্ত ফল অনুযায়ী, নিত্যা পেয়েছেন ৫২ শতাংশ ভোট। প্রায় ২৫ বছর পর এই প্রথম লস অ্যাঞ্জেলসের কোনও মেয়র পুনর্নির্বাচনে পরাজিত হলেন।নিত্যার এই জয় আমেরিকার রাজনীতিতে বামপন্থী ও প্রগতিশীল শক্তির ক্রমবর্ধমান প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। গত বছর নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। তিনি শহরের প্রথম মুসলিম মেয়র। এবার লস অ্যাঞ্জেলসেও ভারতীয় বংশোদ্ভূত নিত্যার জয় সেই আলোচনাকে আরও জোরালো করেছে।নিত্যা রমন ডেমোক্র্যাটিক সোশালিস্টস অব আমেরিকা (ডিএসএ)-র সমর্থন পেয়েছিলেন। এই সংগঠনের সদস্য মামদানিও। সাম্প্রতিক নির্বাচনে ডিএসএ-সমর্থিত একাধিক প্রার্থীর জয় সংগঠনটির রাজনৈতিক প্রভাবের দিকটি সামনে এনেছে। সংগঠনটির দাবি, এবারের নির্বাচনে তারা প্রায় ৩০০ জন প্রার্থী ও বিভিন্ন গণভোটের প্রচারে যুক্ত ছিল। তাদের সমর্থিত প্রার্থীদের মধ্যে অন্তত ১০৫ জনের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে।নিত্যার জয় আরও তাৎপর্যপূর্ণ, কারণ তাঁর প্রতিদ্বন্দ্বী কারেন বাসের পাশে দাঁড়িয়েছিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম, প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং প্রাক্তন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির মতো পরিচিত ডেমোক্র্যাট নেতারা। তাঁদের সমর্থন থাকা সত্ত্বেও নির্বাচনে জয় পান নিত্যা।কেরালার বাসিন্দা এক পরিবারে ভারতে জন্ম নিত্যার। মাত্র ছয় বছর বয়সে পরিবারের সঙ্গে আমেরিকায় চলে যান তিনি। পরে ভারতে ফিরে চেন্নাইয়ে নগর পরিকল্পনাবিদ হিসেবে কাজ করেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর এমআইটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে লস অ্যাঞ্জেলসে ফিরে শহরের প্রশাসনিক কাজে যুক্ত হন। গৃহহীন মানুষের সমস্যা নিয়ে কাজ করতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনও গড়ে তোলেন। বর্তমানে তিনি শহরের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।বিজয়ী হওয়ার পর নিত্যা জানিয়েছেন, শহরের ভেঙে পড়া পরিষেবা ও পরিকাঠামোর উন্নতিই তাঁর প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের নাগালের মধ্যে বাড়ির ব্যবস্থা করা, পুর পরিষেবা উন্নত করা এবং গৃহহীনদের জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি অভিবাসন দপ্তরের সঙ্গে পুলিশের সহযোগিতা নিয়েও প্রশ্ন তুলেছেন।প্রায় ৩৮ লক্ষ মানুষের শহর লস অ্যাঞ্জেলসের দায়িত্ব এবার নিত্যার কাঁধে। ২০২৮ সালের অলিম্পিক আয়োজনও তাঁর প্রশাসনের অন্যতম বড় দায়িত্ব। গৃহহীন মানুষের সমস্যা এবং ভয়াবহ দাবানল মোকাবিলায় আগের প্রশাসনের সমালোচনার মধ্যেই নতুন মেয়র হিসেবে কাজ শুরু করতে হবে তাঁকে।
নিউইয়র্কের পর লস অ্যাঞ্জেলসেও বামপন্থীদের জয়, বিদায়ী মেয়রকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন
Popular Categories
