পাঁচ বছরের জন্য কৃষকদের কাছ থেকে ফসল কেনার কেন্দ্রীয় প্রস্তাব খারিজ করেছে আন্দোলনরত কৃষক সংগঠনগুলো।
এর আগে সোমবার কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল, কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী অর্জুন মুন্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই কৃষকদের সাথে বেঠকে ওই প্রস্তাব দেন।
ওই বৈঠকের পর সরকারের তরফে পীযূষ জানান, এনসিসিএফ, নাফেডের মতো সমবায় সংস্থা কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ডাল, ভুট্টা কেনার জন্য পাঁচ বছরের চুক্তি করতে পারে। কটন কো-অপারেশন অব ইন্ডিয়াও পাঁচ বছরের জন্য একই রকম চুক্তি করতে পারে ন্যূনতম সহায়ক মূল্যে তুলো কেনার জন্য।
মঙ্গলবার সকালেই কৃষক নেতারা কেন্দ্রের এই প্রস্তাব নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে তারা জানান, কেন্দ্রের এই প্রস্তাব দিয়ে মূল ঘটনা থেকে নজর সরানোর চেষ্টা করা হচ্ছে।
তারা অভিযোগ করে বলেন, গত বছর উত্তরপ্রদেশে লখিমপুরে কৃষক হত্যায় অভিযুক্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির বিরুদ্ধেও এখনো কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।


