বিজেপি শাসিত সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালুর লক্ষ্যে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, ২০২৯ সালের লোকসভা নির্বাচন হওয়ার আগেই বিজেপি পরিচালিত ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই আইন কার্যকর করা হবে। ইতিমধ্যে কয়েকটি রাজ্যে ইউসিসি চালু হয়ে গিয়েছে বলেও জানান তিনি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ১৭ সেপ্টেম্বর। সেই উপলক্ষে বিজেপির তরফে ৩০ দিনের ‘সেবা সংকল্প অভিযান’-এর আয়োজন করা হয়েছে। রবিবার মুম্বইয়ে এই কর্মসূচি নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউসিসি নিয়ে দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান শাহ। তাঁর বক্তব্য অনুযায়ী, যেসব রাজ্যে এখনও এই বিধি কার্যকর হয়নি, সেখানেও ধাপে ধাপে তা চালু করার কাজ এগোবে।বর্তমানে উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমে ইউসিসি কার্যকর রয়েছে। মধ্যপ্রদেশেও বিষয়টি নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। সেখানে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ সরকারও ইউসিসি নিয়ে একটি নয় সদস্যের কমিটি তৈরি করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত সেই কমিটির বৈঠকও হয়েছে দিল্লির বঙ্গভবনে।ইউসিসি নিয়ে ঘোষণার পাশাপাশি ইতিহাস নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সরকার ইতিহাস বদলে ফেলছে বা মুছে দিচ্ছে—এমন অভিযোগ মানতে চাননি তিনি। বরং তাঁর দাবি, ভারতীয় ইতিহাসকে ঔপনিবেশিক প্রভাব থেকে মুক্ত করার চেষ্টা চলছে।রবিবার মুম্বইয়ের ঐতিহাসিক টাউন হলে এশিয়াটিক সোসাইটির আয়োজিত একটি প্রদর্শনীর উদ্বোধন করেন শাহ। ১২ দিনের ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ইতিহাস নিয়ে কোনও সিদ্ধান্ত শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে হওয়া উচিত নয়। তাঁর মতে, সত্যিকারের জ্ঞান কোনও নির্দিষ্ট মতাদর্শের মধ্যে আটকে থাকতে পারে না।
Popular Categories


