মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক চাপ আরও বাড়ল। সোমবার উত্তরপ্রদেশের আগরায় তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। বিজয়নগর এলাকার ওই বাড়ির বাইরে জড়ো হয়ে তাঁরা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভ চলাকালীন বাড়ির গেট ও দেওয়ালে স্প্রে পেইন্ট দিয়ে আপত্তিকর স্লোগান লেখার অভিযোগও উঠেছে।
বিক্ষোভকারীদের হাতে পোস্টার ও প্যাম্পলেটও দেখা যায়। পরে ঘটনাটির ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যুব কংগ্রেসের সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকেও বিক্ষোভের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়।
এই প্রতিবাদ মূলত নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের কাজ বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে তৈরি হওয়া বিতর্ককে কেন্দ্র করে। কংগ্রেসের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দলের পক্ষ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হচ্ছে। গত কয়েক দিন ধরে দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গায় একই দাবিতে কর্মসূচি করেছে কংগ্রেস।
এর মধ্যেই বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছেছে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারী আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। SIR-এর সময় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার অভিযোগও আবেদনে তোলা হয়েছে।
তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিযোগগুলির বিষয়ে ভিন্ন অবস্থান জানানো হয়েছে। কমিশনের বক্তব্য, SIR সংক্রান্ত সিদ্ধান্তগুলি নিয়ম মেনেই নেওয়া হয়েছে এবং কমিশনের ভিতরে মতপার্থক্য থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তগুলি সম্মিলিত ভাবেই নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে।
জ্ঞানেশ কুমারকে ঘিরে কংগ্রেসের এই ধারাবাহিক আন্দোলনের মধ্যে আগরার ঘটনা নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। বাড়ির সামনে বিক্ষোভ এবং দেওয়ালে স্লোগান লেখার ঘটনায় প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রয়েছে। একই সঙ্গে SIR ও ভোটার তালিকা নিয়ে চলা আইনি লড়াইয়ের দিকেও নজর রাখছে রাজনৈতিক মহল।

