ভোটার তালিকা সংশোধন এবং ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হয়েছে উত্তেজনা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি চলছে। সেই আবহেই শুক্রবার মুম্বইয়ের শিবাজি পার্কে ককরোচ জনতা পার্টির আয়োজিত বিক্ষোভে যোগ দেন বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ।দুপুরের দিকে অভিনেতা নাসিরুদ্দিন শাহ বিক্ষোভস্থলে পৌঁছন। পরে সেখানে যোগ দেন অভিনেত্রী শাবানা আজমি, পরিচালক বিশাল ভরদ্বাজ, রেখা ভরদ্বাজ এবং সঙ্গীতশিল্পী বিশাল দাদলানি। তারকাদের উপস্থিতিতে কর্মসূচিতে ভিড় আরও বাড়ে। ভোটার তালিকা নিয়ে ওঠা অভিযোগের প্রতিবাদেই এই জমায়েত বলে জানান আয়োজকেরা।বিক্ষোভের মঞ্চে উঠে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান বিশাল দাদলানি। বিক্ষোভকারীদের সঙ্গে গলা মিলিয়ে তিনি ‘গো জ্ঞানু গো’ স্লোগান দেন। আন্দোলন যত দিন না দাবি পূরণ হচ্ছে, তত দিন চলবে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্যের পর বিক্ষোভস্থলে উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। হাততালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।এর আগে সমাজমাধ্যমেও এই কর্মসূচির সমর্থনে সরব হয়েছিলেন বিশাল দাদলানি। পোস্টার এবং বিভিন্ন বার্তা শেয়ার করে তিনি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। শুক্রবার নিজেই শিবাজি পার্কে পৌঁছে প্রতিবাদে অংশ নেন তিনি।অন্যদিকে, শাবানা আজমি তাঁর বক্তব্যে ভোটাধিকার নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কথা বলেন। তাঁর বক্তব্য, একজন নাগরিকের কাছে ভোট শুধু একটি ভোট দেওয়ার সুযোগ নয়, নিজের মত প্রকাশেরও মাধ্যম। ভোটার তালিকায় কোনও ব্যক্তির নাম না থাকলে তাঁর সেই অধিকার কার্যত বাধাগ্রস্ত হতে পারে বলে প্রশ্ন তোলেন তিনি।শিবাজি পার্কে এই কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গেও আয়োজকদের টানাপোড়েন তৈরি হয়। জানা যায়, সেখানে বিক্ষোভ করার অনুমতি দেয়নি পুলিশ। এরপরও কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজকরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশি তৎপরতা বাড়ে। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের তরফে ‘জেল ভরো’ কর্মসূচির ডাক দেওয়া হয়।দিল্লি-সহ দেশের অন্য প্রান্তেও একই সময়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। ভোটার তালিকা এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে এই আন্দোলন নতুন করে আলোচনায় এসেছে। তবে নির্বাচন কমিশনের তরফে অনিয়মের অভিযোগ নিয়ে নিজেদের অবস্থান জানানো হয়েছে।
Popular Categories


