ব্যাঙ্কশাল আদালত চত্বরে আইনজীবীদের একাংশের উপর হামলার অভিযোগে বিজেপি নেতা কুশল পাণ্ডেকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার আদালত চত্বরে বিক্ষোভ চলাকালীন কয়েক জন আইনজীবীর সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে কুশলের নাম উঠে আসার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।ঘটনার সূত্রপাত ইউটিউবার দীপক ব্যাপারীকে আদালতে আনার পর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে হেয়ার স্ট্রিট থানার পুলিশ দীপককে গ্রেফতার করেছিল। তাঁকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসার সময় আদালত চত্বরে কয়েক জন বিক্ষোভকারী ডিম ছোড়েন বলে অভিযোগ।ডিম ছোড়ার প্রতিবাদ করতে গিয়ে কয়েক জন আইনজীবীর সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। আইনজীবীদের একাংশের অভিযোগ, তাঁদের উপর মারধর করা হয়েছিল। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে মূল অভিযুক্ত হিসেবে কুশল পাণ্ডের গ্রেফতারের দাবিতে আইনজীবীদের একাংশ কর্মবিরতি শুরু করেন।কুশলের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার লালবাজার অভিযানের কর্মসূচিও ঘোষণা করা হয়েছিল। তবে বিজেপি নেতা গ্রেফতার হওয়ার পর সেই কর্মসূচি আপাতত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ব্যাঙ্কশাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজা সেনগুপ্ত জানিয়েছেন, গ্রেফতারের পর আইনজীবীরা বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন।এই পরিস্থিতিতে ব্যাঙ্কশাল এবং চন্দননগর আদালতে আইনজীবীদের কর্মবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের কাজ স্বাভাবিক রাখতে দ্রুত কর্মবিরতি তুলে নেওয়ার বিষয়ে উদ্যোগী হতে বার কাউন্সিলকে বলা হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দুই আদালতের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর পরামর্শ দিয়েছে।একই সঙ্গে বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাটিও হাইকোর্টের নজরে এসেছে। বিষয়টি নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করেছে।এর পাশাপাশি গড়বেতায় কলকাতা হাইকোর্টের আইনজীবী শামিম আহমেদের গাড়ি ভাঙচুরের অভিযোগও আদালতে তোলা হয়েছে। একের পর এক আইনজীবীর উপর হামলা ও আদালত চত্বরে উত্তেজনার ঘটনায় বিচারপ্রক্রিয়ার পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।এদিকে কলকাতায় আরও একটি হামলার অভিযোগ সামনে এসেছে। সিপিএম নেতা এবং প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। তাঁর দাবি, বৃহস্পতিবার ভোর পাঁচটার কিছু পরে বাড়ি লক্ষ্য করে মদের বোতল ছোড়া হয়। এতে জানলার কাচ ভেঙে যায় এবং বাড়িতে লাগানো সিসি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ।ঘটনার পর পূর্ব যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। একদিকে আদালত চত্বরে আইনজীবীদের উপর হামলার অভিযোগ, অন্যদিকে আইনজীবীদের কর্মবিরতি এবং বিভিন্ন জায়গায় হামলার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আদালতের কাজ যাতে ব্যাহত না হয় এবং আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত থাকে, সেই বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবি উঠছে।
Popular Categories


