বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে দলবদলের ঘটনা অব্যাহত। বিশেষ করে তৃণমূল ছেড়ে অনেকেই বিজেপিতে যোগ দিচ্ছেন বলে খবর। তবে এই দলবদলকে ঘিরেই এবার বিজেপির অন্দরে প্রকাশ্যে এল বিরোধ। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় তৃণমূলের ১০ জন পঞ্চায়েত সদস্যের বিজেপিতে যোগদানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়াল। বচসা থেকে পরিস্থিতি গড়ায় হাতাহাতি পর্যন্ত। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদুড়িয়া বিধানসভার অন্তর্গত বাজিতপুর গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ১৬। তাঁদের মধ্যে উপপ্রধান-সহ ১০ জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সম্প্রতি দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সহ-সভাপতি তথা স্থানীয় বিজেপি নেতা দীপক সরকারের উদ্যোগে তাঁদের দলবদলের কর্মসূচি আয়োজন করা হয়।অভিযোগ, সেই যোগদান পর্ব চলাকালীনই সেখানে হাজির হন স্থানীয় ৫ নম্বর বিজেপি মণ্ডলের সভাপতি সৌমেন গাইন এবং তাঁর অনুগামীরা। নতুনদের দলে নেওয়া নিয়ে আপত্তি জানান তাঁরা। তাঁদের বক্তব্য, যাঁরা এতদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের যাচাই না করে বিজেপিতে জায়গা দেওয়া উচিত নয়।সৌমেন গাইন এবং বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্যের অভিযোগ, দীপক সরকার নিজেই তৃণমূল ঘনিষ্ঠ। বিজেপির পরিচয় ব্যবহার করে তিনি এলাকার কিছু দুষ্কৃতীকে দলে নিয়ে আসছেন। দীপককে ‘তৃণমূলের হার্মাদ’ বলেও আক্রমণ করেন তাঁরা। এই নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে পৌঁছয়। যোগদান অনুষ্ঠানে বাধা দেওয়া এবং হামলার অভিযোগও উঠেছে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন, শুধু দলীয় পতাকা হাতে নিলেই কাউকে বিজেপির কর্মী হিসেবে মেনে নেওয়া হবে না। দলের আদর্শ ও নীতি মেনেই নতুনদের জায়গা দেওয়া হবে। কিন্তু রাজ্যের বিভিন্ন এলাকায় প্রাক্তন তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদান নিয়ে দলের অন্দরেই অসন্তোষ তৈরি হয়েছে।এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের মতো প্রাক্তন তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদান নিয়েও দলের একাংশ প্রশ্ন তুলেছিল। এবার বাদুড়িয়ার ঘটনা সেই অসন্তোষকেই আরও একবার সামনে নিয়ে এল। রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির সংগঠনে পুরনো ও নতুনদের মধ্যে দূরত্ব যে বাড়ছে, এই ঘটনা তা স্পষ্ট করেছে।
বাদুড়িয়ায় ১০ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিজেপিতে যোগদান ঘিরে সংঘর্ষ, ‘তৃণমূলের হার্মাদ’ বলে পাল্টা বিক্ষোভে বিজেপিরই একাংশ
Popular Categories


