ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের জন্য নতুন করে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই বিষয়ে সম্প্রতি একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের লক্ষ্য, কোনও যোগ্য নাগরিক যাতে চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা না হারান, তা নিশ্চিত করা।বর্তমানে দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, তেলঙ্গানা এবং নাগাল্যান্ডে এসআইআর প্রক্রিয়া চলছে। এই সাতটি রাজ্যের ভোটারদের কথা মাথায় রেখেই নতুন নির্দেশ দিয়েছে কমিশন। ভোটার তালিকা সংশোধনের সময় যাঁদের অনুপস্থিত, অন্য জায়গায় চলে যাওয়া, মৃত্যু অথবা ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাঁদের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এই তালিকা চূড়ান্ত নয়। তাই যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা প্রয়োজনীয় নিয়ম মেনে আবার নাম তোলার আবেদন করতে পারবেন।কমিশনের নির্দেশ অনুযায়ী, আগে ভোটার তালিকায় নাম থাকা কোনও ব্যক্তির নাম যদি নতুন খসড়া তালিকায় না পাওয়া যায়, তা হলে তিনি ফর্ম ৬ পূরণ করে ফের নাম নথিভুক্ত করার আবেদন জানাতে পারবেন। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত তালিকায় যুক্ত করার সুযোগ থাকবে।তবে এই নিয়ম ঘিরে সাধারণ মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। কারণ, সাধারণত নতুন ভোটার হিসেবে তালিকায় নাম তোলার জন্য ফর্ম ৬ ব্যবহার করা হয়। ফলে যাঁরা আগে থেকেই ভোটার ছিলেন, তাঁদের একই ফর্ম ব্যবহার করে আবেদন করতে হবে কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।অনেকের আশঙ্কা ছিল, আগে ভোটার থাকা সত্ত্বেও নতুন করে নাম তোলার আবেদন করলে তাঁদের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠতে পারে। অন্যদিকে, কমিশনের আগের নির্দেশ ও পরবর্তী সিদ্ধান্তের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ তুলেছিল বিরোধী দলগুলি। তাদের বক্তব্য ছিল, এই ধরনের নিয়ম সাধারণ ভোটারদের মধ্যে অকারণে বিভ্রান্তি তৈরি করছে।
Popular Categories
