মুম্বইয়ের জনসংখ্যার চরিত্র বদলে যাচ্ছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে জন্মহার বেশি হওয়ায় আগামী দিনে শহরের মারাঠি পরিচয় হারিয়ে যেতে পারে। এমনই দাবি করে নতুন বিতর্ক তৈরি করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ কিরীট সোমাইয়া। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে মুম্বইয়ের জনসংখ্যার চিত্র বদলে দেওয়ার চেষ্টা চলছে। এই বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে চিঠিও লিখেছেন তিনি।সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট করে সোমাইয়া দাবি করেন, ২০২৫ সালে মুম্বইয়ে মুসলিম পরিবারের ৪৮ হাজার ৫৫৪টি শিশুর জন্ম হয়েছে। অন্যদিকে হিন্দু পরিবারের ক্ষেত্রে এই সংখ্যা ৭০ হাজার ৩৮০। তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, প্রতি তিনটি হিন্দু শিশুর জন্মের তুলনায় দুটি মুসলিম শিশুর জন্ম হচ্ছে। এই প্রবণতা চলতে থাকলে একদিন মারাঠি অধ্যুষিত মুম্বইয়ের পরিচয় বদলে গিয়ে শহরটি ‘মুসলিম মুম্বই’ হয়ে উঠবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।বিজেপি নেতার দাবি, ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার সময় মুম্বইয়ের মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম ছিলেন মুসলিমরা। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, সেই হার বেড়ে প্রায় ২০ শতাংশ হয়েছিল। বর্তমানে তা ২৫ শতাংশে পৌঁছেছে বলে দাবি করেছেন সোমাইয়া। তাঁর আরও বক্তব্য, ২০৫১ সালের মধ্যে এই সংখ্যা ৩১ শতাংশে পৌঁছতে পারে। টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেসের তথ্যের ভিত্তিতে এই ভবিষ্যৎ হিসাব করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।গত পাঁচ বছরের জন্মের হিসাব তুলে ধরে সোমাইয়া বলেন, এই সময়ে হিন্দু পরিবারে ৩ লক্ষ ৩৬ হাজার এবং মুসলিম পরিবারে ২ লক্ষ ২০ হাজার শিশুর জন্ম হয়েছে। এই পরিস্থিতিতে জনসংখ্যার পরিবর্তন খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্তরের কমিটির মতো মহারাষ্ট্রেও একটি বিশেষ কমিটি তৈরির দাবি জানিয়েছেন তিনি।একইসঙ্গে বাংলাদেশি, রোহিঙ্গা এবং উত্তর ভারতের মুসলিমদের অনুপ্রবেশের অভিযোগও তুলেছেন বিজেপি নেতা। তবে তাঁর দেওয়া পরিসংখ্যান নিয়েই প্রশ্ন উঠেছে। বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) সরকারি নথি অনুযায়ী, ২০২৫ সালে শহরে মোট জীবিত শিশুজন্মের সংখ্যা ছিল ১ লক্ষ ১৭ হাজার ৬০৬। সোমাইয়ার দেওয়া দুই সম্প্রদায়ের জন্মের হিসাব যোগ করলে তার চেয়ে প্রায় এক হাজার বেশি হয়। ফলে তাঁর তথ্যের সঙ্গে সরকারি নথির এই অমিল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।এর আগেও ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে একাধিক অভিযোগ তুলেছিলেন সোমাইয়া। সেপ্টেম্বরে একটি মসজিদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে প্রচার চালানোর পর সেখানে জলের সরবরাহ বন্ধ করেছিল বিএমসি। জুলাই মাসে মুম্বইয়ের একটি স্কুলকেও ‘অনুমতিহীন মাদ্রাসা’ বলে দাবি করেছিলেন তিনি। নতুন করে জনসংখ্যা নিয়ে তাঁর মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
মুম্বইয়ের জনসংখ্যার চরিত্র বদলাচ্ছে, মুসলিমদের জন্মহার বাড়ছে’, বিতর্কিত দাবি বিজেপি নেতা কিরীট সোমাইয়ারের
Popular Categories
