লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের উপর নতুন করে বিধিনিষেধ জারি করল লেহ জেলা প্রশাসন। আগামী ৬০ দিন জেলার কোনও অনুমোদনহীন মিছিল, প্রতিবাদ বা জনসমাবেশে অংশ নিতে পারবেন না তিনি। জনসাধারণকে উস্কানি দিয়ে এলাকার শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার আশঙ্কার কথা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আসন্ন পুরসভা, পঞ্চায়েত ও হিল কাউন্সিল নির্বাচনের আগে এই পদক্ষেপ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, ওয়াংচুকের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল। পুলিশের অভিযোগ, অতীতে তাঁর নেতৃত্বে হওয়া কয়েকটি কর্মসূচিতে উত্তেজনা ছড়িয়েছে এবং তার জেরে এলাকার স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত হয়েছে। ভবিষ্যতেও তিনি বিক্ষোভ, অনশন বা জমায়েতে অংশ নিলে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা পুলিশের।
এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস), ২০২৩-এর ১৬৩ নম্বর ধারা প্রয়োগ করেছে লেহ প্রশাসন। নির্দেশে বলা হয়েছে, জনশান্তি নষ্ট করতে পারে অথবা নির্বাচনী কাজে বাধা সৃষ্টি করতে পারে, এমন কোনও কর্মসূচিতে যোগ দিতে পারবেন না ওয়াংচুক। নির্দেশ জারির দিন থেকেই তা কার্যকর হয়েছে। আগামী ৬০ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে প্রশাসন চাইলে আইনি প্রক্রিয়ায় এই নির্দেশ পরিবর্তন বা প্রত্যাহার করতে পারে।
প্রশাসনের আরও বক্তব্য, লাদাখে ইতিমধ্যেই নির্বাচনী আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন এবং লাদাখের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ মেনেই এই বিধি চালু করা হয়েছে। তাই নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর লাদাখে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। অন্যদিকে, ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচন।
তবে নির্বাচনের সময় নিয়ে আপত্তি রয়েছে ওয়াংচুকের। তাঁর দাবি, এই সময়ে লাদাখে প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতের কারণে বহু মানুষ কাজের জন্য অন্য রাজ্যে চলে যান। ফলে স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ ভোট দিতে পারবেন না। এই যুক্তিতে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। একই দাবিতে সরব হয়েছেন স্থানীয় নেতারাও।
সম্প্রতি লেহ-র একটি প্রতিবাদস্থল থেকে পুলিশ ওয়াংচুককে সরিয়ে দেয়। তার পরেই তাঁর উপর এই নিষেধাজ্ঞা জারি হল।

