ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে। এবার বচসায় জড়ালেন রাজ্যের মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং বিজেপি বিধায়ক পীযূষ কানোড়িয়া। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। নিজের বিধানসভা এলাকার দক্ষিণ দমদম পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে ‘বিধায়কের দরবার’-এ উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়। ওই একই সভায় উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক পীযূষ কানোড়িয়াও। সভাতে সকলের সামনেই দুজনে বচসায় জড়ান।
শারদ্বত মুখোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘আমাদের মধ্যে পাশের বিধানসভার বিধায়ক পীযূষ কানোড়িয়া উপস্থিত হয়েছেন, পীযূষদা আপনি, মঞ্চে আসুন’। মন্ত্রীর এই কথার তীব্র আপত্তি জানান নিউটাউনের বিধায়ক। তিনি বলেন, আপনি আমাকে পাশের বিধানসভার বিধায়ক বলতে পারেন না। পরে মন্ত্রীর অনুরোধে তাঁর পাশে গিয়ে বসেন পীযূষ কানোড়িয়া।
পীযূষ কানোড়িয়ার অনুগামীদের অভিযোগ, মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বিজেপির মধ্যে তৃণমূলের লোক ঢোকাচ্ছেন। এমনকি পুরনো বিজেপি কর্মীদের মারধরের অভিযোগও উঠেছে শারদ্বত মুখোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে।
পরে পীযূষ কানোড়িয়া বলেন, ‘জীবনে কাউকে সিন্ডিকেট চালাতে দিইনি। দমদম পার্কে অনেক ঘটনা আছে। লালকুঠি থেকে আমরা এত দিন যাদের ঢুকতে দিইনি, আবার তাদের রাজনৈতিক ভাবে কেন ঢোকানো হচ্ছে, সেটা আপনাকে বলতে হবে। ‘ভিখারি’ নামের একজন আমাদের অফিসে মেশিন (বন্দুক-পিস্তল) নিয়ে ভয় দেখিয়েছিল, তাকে কেন আপনার পাশে বসা লোকেরা (এলাকায়) ঢোকাচ্ছেন, তার কৈফিয়ত দিতে হবে।’’
যদিও সভা শেষে দু’জনেই বলেন এটা হয়েই থাকে। গোষ্ঠীদ্বন্দ্বের কোনও বিষয় নয়।


