ক্যাবে যাতায়াতের সময় জাতপাত নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে চার যাত্রীর বিরুদ্ধে। সেই মন্তব্যের প্রতিবাদ করে বিপাকে পড়েছেন উত্তরপ্রদেশের লখনউয়ের এক ক্যাবচালক। যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর তাঁর বিরুদ্ধেই অভিযোগ জমা পড়ে ক্যাব সংস্থার কাছে। অভিযোগের ভিত্তিতে চালকের অ্যাকাউন্ট প্রায় ১০০ বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই চালকের নাম অঙ্কিত কুমার। তিনি দলিত সম্প্রদায়ের মানুষ। তাঁর দাবি, উৎরেটিয়া স্টেশন থেকে চারবাগ স্টেশনে যাওয়ার জন্য চার জন যাত্রী তাঁর গাড়ি বুক করেছিলেন। গাড়িতে ওঠার পর যাত্রীরা নিজেদের মধ্যে এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে আলোচনা শুরু করেন। সেই সময় ওই ব্যক্তির যোগ্যতা নিয়ে কথা বলতে গিয়ে তাঁরা জাতপাত নিয়ে অবমাননাকর মন্তব্য করতে থাকেন বলে অভিযোগ।অঙ্কিত জানিয়েছেন, প্রথম দিকে তিনি যাত্রীদের কথাবার্তায় কোনও মন্তব্য করেননি। কিন্তু পরে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে বারবার অপমানজনক কথা বলা হলে তিনি প্রতিবাদ করেন। তাঁর বক্তব্য, যাত্রীদের এমন মন্তব্য বন্ধ করতে বললেও তাঁরা কথা থামাননি। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত তিনি চার জনকেই গাড়ি থেকে নেমে যেতে বলেন। প্রয়োজনে পুলিশে খবর দেওয়ার কথাও জানান তিনি।এই ঘটনার পর চার যাত্রী ক্যাব সংস্থার কাছে চালকের বিরুদ্ধে অভিযোগ করেন। এরপরই অঙ্কিতের ড্রাইভার অ্যাকাউন্টে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা জারি করা হয়। অঙ্কিতের দাবি, তাঁর অ্যাকাউন্ট ৯৯ বছর ১১ মাসের জন্য বন্ধ করা হয়েছে। সেই হিসাবে শাস্তির মেয়াদ শেষ হওয়ার কথা ১৯ জুলাই, ২১২৬ সালে।ঘটনার পর সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করে নিজের বক্তব্য জানান অঙ্কিত। তবে ওই ভিডিয়োর সত্যতা যাচাই যাচাই করেনি NBTV। ভিডিয়োয় তিনি অভিযোগ করেন, ক্যাব সংস্থা শাস্তি দেওয়ার আগে তাঁর সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে জানতে চায়নি। যাত্রীরা আগে থেকে তাঁর পরিচিত ছিলেন না এবং তাঁদের নাম বা জাত সম্পর্কেও তিনি কিছু জানতেন না বলে দাবি করেন তিনি। অঙ্কিতের বক্তব্য ঘিরে সমাজমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জাতপাতের মতো সংবেদনশীল বিষয়ে প্রকাশ্যে কুরুচিকোর মন্তব্য এবং তার প্রতিবাদ করার পর চালকের বিরুদ্ধে এত দীর্ঘ সময়ের জন্য ব্যবস্থা নেওয়া কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Popular Categories


