‘বিদ্যা বাহিনী’ প্রকল্পে সরকারি ও সরকারপোষিত স্কুলের নবম শ্রেণির ছাত্রীদের মোট ১ লক্ষ ৪০ হাজার সাইকেল দেওয়ার পরিকল্পনা রয়েছে। আপের দাবি, ইতিমধ্যেই একই মডেলের প্রায় ১ লক্ষ ৩০ হাজার সাইকেল কেনা হয়েছে। এত বেশি সংখ্যায় একসঙ্গে কেনার ক্ষেত্রে দাম আরও কম হওয়ার কথা বলেই প্রশ্ন তুলেছে তারা।
সোমবার প্রথম দফায় সাইকেল বিতরণের দিনই বিজেপি সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলে আম আদমি পার্টি।
আপের বিধায়কেরা নতুন সাইকেল নিয়ে বিধানসভার দিকে যাওয়ার সময় প্রতিবাদ জানান। দলের মুখপাত্র সৌরভ ভরদ্বাজের দাবি, সাধারণ বাজারে যে সাইকেলের দাম প্রায় ৪,২০০ টাকা, সেই একই মডেলের জন্য সরকার প্রায় ৬,৯৫৭ টাকা করে দিয়েছে।
দলের দাবি, পুরো কেনাকাটার প্রক্রিয়া খতিয়ে দেখে তদন্ত করা হোক। টেন্ডার কীভাবে হয়েছে এবং কোন সংস্থার কাছ থেকে সাইকেল নেওয়া হয়েছে, তারও জবাব চেয়েছে তারা।
তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে দিল্লির বিজেপি সরকার। বিজেপি নেতা হরিশ খুরানা জানিয়েছেন, নিয়ম মেনেই টেন্ডার ডেকে সাইকেল কেনা হয়েছে। তাঁর দাবি, বাজারে সাইকেলের দাম ৪ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। রাজনৈতিক উদ্দেশ্যেই আপ এই অভিযোগ তুলছে বলেও পাল্টা দাবি বিজেপির। অভিযোগ প্রমাণিত না হলে আপকে ক্ষমা চাইতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।


