নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিল্লিতে ফের পথে নামলেন বিরোধী দলের সাংসদরা। এদিন সকাল ১১টা নাগাদ সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে প্রতিবাদ মিছিল শুরু করেন তাঁরা। মিছিলে অংশ নেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা।
বিরোধী সাংসদদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার। সেখানে গণতন্ত্র রক্ষার দাবি জানানো হয়। মিছিলে দেখা যায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে।
সংসদ ভবন থেকে কিছুটা এগোনোর পরেই মিছিলের সামনে পুলিশ ব্যারিকেড বসিয়ে দেয়। নির্বাচন কমিশনের সদর দপ্তরের প্রায় ১০০ মিটার আগে অল ইন্ডিয়া রেডিয়ো ভবনের কাছে পুলিশ তাঁদের আটকে দেয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী সাংসদরা সেখানেই বসে প্রতিবাদ শুরু করেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে-সহ একাধিক নেতা রাস্তায় অবস্থান নেন। কয়েকজন সাংসদকে ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিতেও দেখা যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তাঁর দাবি, বিভিন্ন নির্বাচনে কমিশনের কাজ নিয়ে বিরোধীদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। উত্তরপ্রদেশের উপনির্বাচনেও ভোটে অনিয়মের অভিযোগ তোলেন তিনি।
সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজার বক্তব্য, জ্ঞানেশ কুমারকে পদ ছাড়তেই হবে। তাঁর দাবি, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং সেই কারণেই এই প্রতিবাদ।
তবে বিরোধীদের অভিযোগ মানতে নারাজ কেন্দ্র।কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান পাল্টা প্রশ্ন তোলেন, বিরোধীরা যখন বিভিন্ন রাজ্যে নির্বাচনে জয় পায়, তখন কি সেই একই নির্বাচন ব্যবস্থা নিয়ে তাদের আপত্তি থাকে? তাঁর বক্তব্য, নির্বাচনে হারার পর ফলাফলকে অবৈধ বলা গণতন্ত্রের প্রতি অসম্মান।
বিরোধীদের এই কর্মসূচিকে ঘিরে সংসদ চত্বর ও তার আশপাশে ব্যাপক পুলিশি ব্যবস্থা করা হয়। দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চলায় দিল্লির রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


