লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ২৬/১১ মুম্বই হামলার দোষী সাব্যস্ত জঙ্গি আজমল কাসবের সঙ্গে তুলনা করে সমাজমাধ্যমে পোস্ট করাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট অনুপ ভার্মা তাঁর ‘এক্স’ হ্যান্ডলে রাহুল গান্ধীর ছবি ব্যবহার করে একটি বিতর্কিত পোস্ট করেছেন।
ওই পোস্টে রাহুল গান্ধীর একটি ছবির পাশে একে-৪৭ হাতে আজমল কাসবের ছবি দেখা যায়। ছবির সঙ্গে অনুপ দাবি করেন, বাঁ দিকে থাকা ব্যক্তি দেশের জন্য আরও বেশি বিপজ্জনক। পোস্টটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়।
কংগ্রেস সেবাদলের পক্ষ থেকে এই ঘটনায় অনুপ ভার্মার বিরুদ্ধে সাইবার আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। সংগঠনের বক্তব্য, বিরোধী মত প্রকাশ গণতন্ত্রের স্বাভাবিক অংশ। কিন্তু সাংবিধানিক পদে থাকা কোনও ব্যক্তিকে অপমান করা বা রাজনৈতিক মতবিরোধকে সন্ত্রাসবাদের সঙ্গে এক করে দেখানো মেনে নেওয়া যায় না। আইনের চোখে সবাই সমান বলেও জানিয়েছে তারা।
ঘটনাকে ঘিরে বায়ুসেনার অবসরপ্রাপ্ত সদস্যদের মধ্যেও মতবিরোধ প্রকাশ্যে এসেছে। অবসরপ্রাপ্ত সদস্য কর্মবীর সিং সমাজমাধ্যমে অনুপ ভার্মার পোস্টের সমালোচনা করেন। তাঁর বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে তার প্রকাশে শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি। তিনি আরও বলেন, সেনাবাহিনীতে কাজ করার অতীত পরিচয় কাউকে রাজনৈতিক আক্রমণের ক্ষেত্রে বিশেষ ছাড় দেয় না।
অন্যদিকে, সমালোচনা এবং মামলার পরও নিজের অবস্থান থেকে সরে আসেননি অনুপ ভার্মা। সমাজমাধ্যমে তিনি পালটা বক্তব্য দিয়ে জানান, মামলা বা এফআইআরের হুমকিতে তিনি ভয় পাচ্ছেন না। তাঁর বক্তব্য, একজন প্রাক্তন সেনা আধিকারিক হিসেবে তিনি নিজের মত প্রকাশের অধিকার বজায় রাখবেন।
রাহুল গান্ধীকে ঘিরে করা এই পোস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। একদিকে কংগ্রেসের তরফে আইনি পদক্ষেপের কথা জানানো হয়েছে, অন্যদিকে অনুপ ভার্মা নিজের বক্তব্যে অনড় রয়েছেন। ফলে বিষয়টি নিয়ে আগামী দিনে আইনি এবং রাজনৈতিক, দুই ক্ষেত্রেই আরও আলোচনা হতে পারে।


