“ভারতের জাতীয় সুরক্ষায় কেন পিছুপা হাটলেন ৫৬ ইঞ্চির ছাতি সম্পন্ন প্রধানমন্ত্রী?” এনআইএ আদালতের রায়ে এমনই প্রশ্ন তুলছে বিরোধীরা। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় প্রায় ছয় মাস জেলে থাকার পর সাত বিদেশি নাগরিককে এক মাসের জন্য নিজেদের দেশে ফেরার অনুমতি দিল বিশেষ এনআইএ আদালত। বৃহস্পতিবার আদালত এই অনুমতি দেয়। এই সাতজনের মধ্যে রয়েছেন মার্কিন নাগরিক ম্যাথিউ ভ্যানডাইক এবং ছয় ইউক্রেনীয় নাগরিক। আদালতের নির্দেশের পর বৃহস্পতিবার সন্ধ্যাতেই তাঁদের জেল থেকে ছাড়া পাওয়ার কথা।যার ফলে বিরোধীরা ইতিমধ্যে বলতে শুরু করেছে, জাতীয় সুরক্ষার সঙ্গে আপোষ করেছে মোদি সরকার। শুধু তাই নয় গত ৬ বছরের বেশি সময় ধরে দেশদ্রোহের অভিযোগে জেল বন্দি রয়েছে উমার খালিদ। এই ঘটনা প্রসঙ্গে সিপিএম ইতিমধ্যে প্রশ্ন তুলছে, ডোনাল্ড ট্রাম্পের প্রভাবেই কি ভারতের জাতীয় সুরক্ষাকে আপোষ করছে বিজেপি সরকার? মামলাটি দায়ের করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। গত মার্চে এই সাত বিদেশিকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা মিয়ানমারে গিয়ে সেখানকার কিছু জাতিগত সশস্ত্র গোষ্ঠীকে ভারতের বিরুদ্ধে ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ দিতে চেয়েছিলেন।তবে পরে মামলার চার্জশিটে তাঁদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-র ধারাগুলি রাখা হয়নি। এনআইএ জানিয়েছিল, তাঁদের কাজ ভারতের জাতীয় স্বার্থ বা ভারতীয় নাগরিকদের ক্ষতি করেছে—এমন যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। যদিও সংস্থাটি আদালতকে জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তদন্ত এখনও চলছে।বৃহস্পতিবার বিশেষ এনআইএ আদালতের বিচারক প্রশান্ত শর্মা সাতজনকেই এক মাসের জন্য নিজেদের দেশে যাওয়ার অনুমতি দেন। তাঁরা ছয় সপ্তাহের অনুমতি চেয়েছিলেন। আদালত জানায়, তাঁরা যে দিন বিমানে উঠবেন, সেই দিন থেকেই এক মাসের সময় গণনা হবে। এক মাস পর তাঁদের ভারতে ফিরে আসতে হবে। তাঁদের পাসপোর্টও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে বুধবার ছয় ইউক্রেনীয় নাগরিক—হুরবা পেত্রো, স্লিভিয়াক তারাস, ইভান সুকমানভস্কি, স্টেফানকিভ মারিয়ান, হনচারুক ম্যাকসিম এবং কামিনস্কি ভিক্টর—ডিফল্ট জামিন পেয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে থাকা অভিবাসন সংক্রান্ত অভিযোগ থেকেও আদালত তাঁদের ছাড় দেয়। মার্কিন নাগরিক ম্যাথিউ ভ্যানডাইকও আগে ডিফল্ট জামিন পেয়েছিলেন এবং বৃহস্পতিবার তাঁকেও অভিবাসন সংক্রান্ত অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়।জানা গেছে, বিদেশিদের বিরুদ্ধে অভিবাসন সংক্রান্ত নিয়ম ভাঙার জন্য ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস বা এফআরআরও প্রত্যেকের উপর ৫.৫ লক্ষ টাকা করে জরিমানা করেছিল। পরে সেই অভিযোগ মিটিয়ে দেওয়া হয়।এদিকে এনআইএর আইনজীবীরা আদালতকে জানিয়েছেন, সন্ত্রাস সংক্রান্ত তদন্ত শেষ হতে আরও সময় লাগবে। তদন্তে সহযোগিতা করার জন্য সাতজনের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়ার কথাও জানানো হয়েছে। তাঁদের আইনজীবীরা জানিয়েছেন, তদন্তকারী আধিকারিককে তাঁরা নিজেদের ঠিকানা ও ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দেবেন।
NIA-র সন্ত্রাস মামলায় এক মাসের জন্য ছাড়া পেল মার্কিন নাগরিক ভ্যানডাইক সহ ৬ ইউক্রেনীয়, জাতীয় সুরক্ষার সঙ্গে আপোষ! মোদী সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
Popular Categories


