Sunday, September 27, 2026
27 C
Kolkata

রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল, একসঙ্গে বদলি ২৩ আইপিএস-ডব্লিউবিসিএস আধিকারিক

রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড়সড় প্রশাসনিক রদবদল করল নবান্ন। শুক্রবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে একসঙ্গে ২৩ জন আইপিএস এবং ডব্লিউবিসিএস আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ, গোয়েন্দা শাখা, স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ), সিআইডি-সহ একাধিক জেলা ও পুলিশ কমিশনারেটে এই রদবদল করা হয়েছে।

এই বদলির তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ নাম কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহ। তাঁকে উত্তরবঙ্গের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের আইজি পদে পাঠানো হয়েছে। অন্যদিকে, এসটিএফের আইজি সুধীর কুমার নীলাকান্তমকে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে নিয়ে আসা হয়েছে।

রাজ্য পুলিশের অপরাধ সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ শাখা স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো (এসসিআরবি)-তেও বড় পরিবর্তন হয়েছে। আইজি (এসসিআরবি) নীলু শেরপা চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ পুলিশ হাউসিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের আইজি করা হয়েছে। তাঁর জায়গায় এসসিআরবির নতুন আইজি হচ্ছেন এতদিনের আইজি (হোম গার্ড) শঙ্খ শুভ্র চক্রবর্তী।

কলকাতা পুলিশেও একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। ডিআইজি (সিকিউরিটি) সুখেন্দু হিরাকে যুগ্ম পুলিশ কমিশনার (সিকিউরিটি) পদে আনা হয়েছে। ডিআইজি (আইবি) ড. ভোলানাথ পাণ্ডে দায়িত্ব নিচ্ছেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে। এতদিন ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনারের দায়িত্বে থাকা সূর্যপ্রতাপ যাদবকে রাজ্য গোয়েন্দা শাখার ডিআইজি করা হয়েছে। পাশাপাশি, ডিআইজি দেবর্ষি দত্তকে বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার পদে পাঠানো হয়েছে।

জেলা ও পুলিশ কমিশনারেট স্তরেও একাধিক বদলি হয়েছে। মালদহ, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, বীরভূম, শিলিগুড়ি এবং ব্যারাকপুর-সহ একাধিক এলাকায় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং ডেপুটি কমিশনার পদে নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

মালদহের সিআইডি সুপার অরীশ বিলালকে রাজ্য সিআইডিতে ফিরিয়ে আনা হয়েছে। তাঁর জায়গায় মালদহের সিআইডি সুপার হিসেবে দায়িত্ব নিচ্ছেন ধৃতিমান সরকার।

প্রশাসনিক মহলের একাংশের মতে, আসন্ন উৎসবের মরসুম এবং বিভিন্ন আইনশৃঙ্খলা সংক্রান্ত চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই এই রদবদল করা হয়ে থাকতে পারে। তবে সরকারি বিজ্ঞপ্তিতে বদলির কারণ হিসেবে শুধু ‘জনস্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।

Hot this week

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল দেশ, আজ শেষ ‘ডেডলাইন’, ২ অক্টোবর বিক্ষোভের পথে ককরোচরা

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি...

ভোটে জিতে ৪ বছরে দলবদল ১১১ সাংসদ-বিধায়কের, সর্বাধিক রেকর্ড তৃণমূলের!

গত চার বছরে দেশের রাজনীতিতে একাধিক বার দল পরিবর্তনের...

Topics

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল দেশ, আজ শেষ ‘ডেডলাইন’, ২ অক্টোবর বিক্ষোভের পথে ককরোচরা

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি...

ভোটে জিতে ৪ বছরে দলবদল ১১১ সাংসদ-বিধায়কের, সর্বাধিক রেকর্ড তৃণমূলের!

গত চার বছরে দেশের রাজনীতিতে একাধিক বার দল পরিবর্তনের...

Related Articles

Popular Categories