ওটিটি (OTT) প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট দেখানো হচ্ছে, তা নিয়ে নজরদারি চালাতে নিজেদের সংগঠনের অন্দরেই একটি কমিটি গড়ল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। সূত্রের খবর, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রচারকদের নিয়ে তৈরি এই কমিটি ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন বিষয়বস্তু পর্যালোচনা করবে।
সূত্রের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য-সহ শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রচারকদের কমিটিতে রাখা হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট দেখানো হচ্ছে, সেখানে দেশবিরোধী কোনও বিষয়বস্তু রয়েছে কি না কিংবা শালীনতার সীমা লঙ্ঘন করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে এই কমিটি।
পর্যালোচনার পর একটি রিপোর্ট তৈরি করা হবে বলে জানা গিয়েছে। তবে কমিটির সদস্যদের নাম, রিপোর্ট প্রকাশের পদ্ধতি বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
ওটিটি প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন RSS প্রধান মোহন ভাগবত। ২০২৪ সালের ১২ অক্টোবর নাগপুরে বার্ষিক বিজয়াদশমী ভাষণে তিনি ওটিটিতে নজরদারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
ভাগবতের বক্তব্য ছিল, ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শিত কিছু বিষয়বস্তু সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে উঠছে। তিনি বলেন, ‘‘ওটিটি প্ল্যাটফর্মগুলিতে যে ধরনের জিনিস দেখানো হয় তা এতটাই জঘন্য যে, এ নিয়ে কথা বলাটাও অশোভন হবে। তাই আমি বলেছি, যে আইনের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।’’
ওটিটি কনটেন্ট নিয়ন্ত্রণে আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলার পাশাপাশি তিনি এটিকে নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ হিসেবেও উল্লেখ করেন। সেই বক্তব্যের পর এ বার সংগঠনের অন্দরেই নজরদারি কমিটি গঠনের উদ্যোগ নিল আরএসএস।


