Thursday, November 5, 2026
29 C
Kolkata

ট্রাম্পের নির্বাচনী ধাক্কা নিয়ে জ্ঞানেশকে খোঁচা CJP-র অভিজিৎ দীপকের! ‘উনি দায়িত্বে থাকলে এমন হার হত না’

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড়সড় পরাজয় ঘিরে এবার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করলেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর বক্তব্য, আমেরিকার নির্বাচনের দায়িত্বে যদি জ্ঞানেশ কুমার থাকতেন, তাহলে ট্রাম্পকে এমন পরিস্থিতির মুখে পড়তে হত না। সমাজমাধ্যমে এক লাইনের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে আলোচনা।গত ৪ নভেম্বর সমাজমাধ্যমের প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করেন অভিজিৎ দীপকে। সেখানে তিনি লেখেন, ‘Gyanesh Kumar would’ve never let this happen to Trump।’ অর্থাৎ, জ্ঞানেশ কুমার থাকলে ট্রাম্পের সঙ্গে এমনটা কখনওই হতে দিতেন না। পোস্টের সঙ্গে #Justsaying হ্যাশট্যাগও ব্যবহার করেন তিনি। মূলত ব্যঙ্গের সুরেই এই মন্তব্য করেছেন CJP-র প্রতিষ্ঠাতা।উল্লেখ্য, আমেরিকার মিডটার্ম নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে কার্যত পিছনে ফেলে দিয়েছে ডেমোক্র্যাটরা। কংগ্রেসের দুই কক্ষ—সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, দুটিতেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা। টেক্সাস, আইওয়া, কানসাস, সাউথ ক্যারোলাইনা এবং মেইনের মতো রাজ্যে রিপাবলিকানদের কাছ থেকে আসন ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। ফলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদের শেষ দু’বছরে কংগ্রেসে বিরোধীদের বাধার মুখে পড়তে হবে তাঁকে।নির্বাচনের ফল প্রকাশের পর ট্রাম্প অবশ্য নিজের দায় এড়ানোর চেষ্টা করেছেন। তাঁর বক্তব্য, ব্যালটে তাঁর নিজের নাম ছিল না। থাকলে ফলাফল অন্যরকম হতে পারত বলেও দাবি করেন তিনি।এই মার্কিন নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ভারতের নির্বাচন কমিশন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বিরোধীদের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত চলছে। বিরোধী দলগুলির অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে বহু যোগ্য ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। নির্বাচন কমিশন অবশ্য সেই অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে এবং ভুয়ো ও একাধিকবার থাকা নাম বাদ দিতেই এই উদ্যোগ।এই পরিস্থিতিতে আমেরিকার নির্বাচনে ট্রাম্পের দলের পরাজয়কে ভারতের নির্বাচন কমিশনের বিতর্কের সঙ্গে জুড়ে দিয়েছেন অভিজিৎ। তাঁর মন্তব্যকে বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ব্যঙ্গ হিসেবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ।প্রসঙ্গত, শুধু অভিজিৎ নন, ট্রাম্পের দলের পরাজয়ের পর জ্ঞানেশ কুমারকে নিয়ে সমাজমাধ্যমে একাধিক ব্যঙ্গাত্মক পোস্ট ছড়িয়ে পড়েছে। ফলে আমেরিকার নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক চর্চার পাশাপাশি ভারতীয় নির্বাচন কমিশনকেও নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রে।

Hot this week

তোলাবাজির প্রতিবাদ করায় বিজেপির অন্দরেই আক্রান্ত বিধায়ক! ৪৮ ঘণ্টা পরেও অধরা অভিযুক্তরা

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে নতুন করে উত্তেজনা...

পূর্ব বর্ধমানে বিজেপির গোষ্ঠীসংঘর্ষে রক্তারক্তি! বাড়িতে ঢুকে তাণ্ডব, রক্তাক্ত মহিলা নেত্রী, গ্রেফতার ৫

বাংলায় ক্ষমতা দখলের কয়েক মাসের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত পূর্ব...

মিডটার্মে ট্রাম্পের ধাক্কা, বিপাকে ইলন মাস্কও! ৪৭০০ কোটি খরচ করেও মিলল না সাফল্য, বাড়ছে তদন্তের আশঙ্কা

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) বড়সড় ধাক্কা খেল ডোনাল্ড ট্রাম্পের...

বাবরি মসজিদের নামে আপত্তি শুভেন্দুর, মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে সম্মান জানিয়ে অবস্থান বদল হুমায়ুনের

মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই নিজের...

Topics

তোলাবাজির প্রতিবাদ করায় বিজেপির অন্দরেই আক্রান্ত বিধায়ক! ৪৮ ঘণ্টা পরেও অধরা অভিযুক্তরা

পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে নতুন করে উত্তেজনা...

মিডটার্মে ট্রাম্পের ধাক্কা, বিপাকে ইলন মাস্কও! ৪৭০০ কোটি খরচ করেও মিলল না সাফল্য, বাড়ছে তদন্তের আশঙ্কা

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) বড়সড় ধাক্কা খেল ডোনাল্ড ট্রাম্পের...

গাজায় যুদ্ধের মধ্যে চিকিৎসক হিসেবে কাজ, এবার মার্কিন কংগ্রেসে জয়ী মিশরীয় বংশোদ্ভূত আদম হামাওয়ে

মার্কিন রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন মিশরীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী...

SIR-এর খসড়া তালিকায় নাম নেই? পুরনো ভোটারদের জন্য ফর্ম ৬ নিয়ে বড় নির্দেশ কমিশনের!

এসআইআর প্রক্রিয়ায় প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে...

Related Articles

Popular Categories