Thursday, November 12, 2026
28 C
Kolkata

লোকাল ট্রেনে শ্লীলতাহানির প্রতিবাদ করায় তরুণীকে ধাক্কা, ট্রেনের চাকায় পিষ্ট হয়ে হাত হারালেন তরুণী ,মাথায় ১৬টি সেলাই!

মুম্বইয়ের লোকাল ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল। সহযাত্রীর অশালীন আচরণের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে এক তরুণীকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ট্রেনের চাকায় পিষ্ট হয়ে বাঁ হাত হারিয়েছেন ওই তরুণী। মাথাতেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তাঁর মাথায় ১৬টি সেলাই পড়েছে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি মুম্বইয়ের নাইগাঁও স্টেশনের। জানা গিয়েছে, ওই তরুণী বোরিভলি থেকে ভিরারের দিকে যাওয়া একটি লোকাল ট্রেনে উঠেছিলেন। অভিযোগ, ট্রেনের মধ্যেই এক সহযাত্রী তাঁকে বারবার অশালীনভাবে স্পর্শ করছিলেন। প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে প্রতিবাদ করেন তিনি। রাগের মাথায় অভিযুক্তকে চটি ছুড়ে মারেন তরুণী। তা থেকেই দু’জনের মধ্যে বচসা শুরু হয়।

তরুণীর অভিযোগ, ট্রেন নাইগাঁও স্টেশনে পৌঁছনোর পরেও ওই যুবক তাঁকে বিরক্ত করতে থাকেন। তিনি প্রতিবাদ করলে অভিযুক্ত পাল্টা গালিগালাজ শুরু করেন। এমনকী নিজের চটি দিয়েও তাঁকে মারেন। এরপর আচমকাই তাঁকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেন বলে অভিযোগ। এর জেরে দুই কামরার মাঝের ফাঁকা জায়গায় পড়ে যান তরুণী।

সেখান থেকে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করার সময়ই ট্রেন চলতে শুরু করে। সেই সময় ট্রেনের চাকায় আটকে যায় তাঁর বাঁ হাত। গুরুতর জখম অবস্থায় কনুইয়ের কাছ থেকে হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। মাথাতেও আঘাত পান তিনি। এক পুলিশকর্মী এবং কয়েকজন যাত্রী তাঁকে উদ্ধার করে প্ল্যাটফর্মে তোলেন। ঘটনার পরেই ভিড়ের সুযোগ নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংবাদমাধ্যম এনডিটিভিকে তরুণী জানান, অভিযুক্ত বারবার তাঁকে খারাপভাবে স্পর্শ করছিলেন। প্রতিবাদ করে তিনি বলেছিলেন, বাড়িতে মা-বোন নেই? তা সত্ত্বেও ওই ব্যক্তি নিজের আচরণ বদলাননি। শেষ পর্যন্ত চটি দিয়ে তাঁকে মারার পর ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

কান্নাভেজা গলায় তরুণী বলেন, সংসারের যাবতীয় দায়িত্ব তাঁর কাঁধেই ছিল। পরিবারের সব কাজ সামলাতেন তিনি। কিন্তু এখন একটি হাত হারিয়ে কীভাবে সবকিছু করবেন, তা ভেবে পাচ্ছেন না। তাঁর কথায়, “আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল। আমি শুধু বিচার চাই। অভিযুক্তের কঠোর শাস্তি হোক।”

এদিকে, পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার। তাদের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারা যুক্ত করা হয়নি। এরপর মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) দ্বারস্থ হয় পরিবার। দলের কয়েকজন নেতা রেল পুলিশের এক পদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করেন। তাঁদের দাবি, প্রয়োজনীয় ধারা যুক্ত করার আশ্বাস দিয়েছে পুলিশ। এই ঘটনা ফের মুম্বইয়ের লোকাল ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াল। প্রকাশ্যে ট্রেনের মধ্যে এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়েও উঠছে প্রশ্ন।

Hot this week

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

যোগী রাজ্যে জনবহুল বাজারে মুসলিম জুতো ব্যবসায়ীকে গুলি করে খুন, মৃত্যুর আগে অভিযুক্তের নাম জানিয়ে গেলেন কওসেন!

উত্তরপ্রদেশের গাজিপুরে জনবহুল বাজারের মধ্যে এক জুতো ব্যবসায়ীকে গুলি...

‘বাজি ফাটিয়ে দূষণ বাড়লেও আপত্তি নেই!’ দীপাবলির বাজিতে দূষণ বৃদ্ধি মানতে নারাজ যোগী

দীপাবলির পর দেশের বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষ...

ফের বাড়ল দুধের দাম, লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা আমুল, আজ থেকেই কার্যকর নতুন দাম

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার মধ্যে এবার সাধারণ মানুষের পকেটে...

Topics

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

‘বাজি ফাটিয়ে দূষণ বাড়লেও আপত্তি নেই!’ দীপাবলির বাজিতে দূষণ বৃদ্ধি মানতে নারাজ যোগী

দীপাবলির পর দেশের বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষ...

ফের বাড়ল দুধের দাম, লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা আমুল, আজ থেকেই কার্যকর নতুন দাম

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার মধ্যে এবার সাধারণ মানুষের পকেটে...

Related Articles

Popular Categories