Thursday, November 12, 2026
28 C
Kolkata

‘বাজি ফাটিয়ে দূষণ বাড়লেও আপত্তি নেই!’ দীপাবলির বাজিতে দূষণ বৃদ্ধি মানতে নারাজ যোগী

দীপাবলির পর দেশের বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষ করে দিল্লি ও সংলগ্ন এলাকায় বাতাসের গুণমান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বাজি পোড়ানোর কারণে দূষণ বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠলেও তাতে বিশেষ গুরুত্ব দিতে নারাজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর বক্তব্য, দীপাবলির সময় কয়েক দিনের জন্য দূষণ বাড়লেও তা ধীরে ধীরে কমে যাবে। বরং যাঁরা গোটা ব্যবস্থাকে দুর্নীতির মাধ্যমে দূষিত করেছেন, তাঁদের নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে না, তা নিয়ে পাল্টা সরব হয়েছেন তিনি।

বুধবার লখনউয়ে একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যোগী বলেন, দীপাবলিতে বাজি পোড়ানোর কারণে দূষণ বেড়েছে বলে অনেকে অভিযোগ করছেন। কিন্তু এই বৃদ্ধি স্থায়ী নয়। সময়ের সঙ্গে দূষণের মাত্রা কমে যাবে। তাঁর প্রশ্ন, এক দিনের উৎসব উদ্‌যাপন নিয়ে এত আপত্তি কেন? অথচ দুর্নীতির মাধ্যমে গোটা ব্যবস্থাকে নষ্ট করার অভিযোগ উঠলে সেই বিষয়ে অনেকেই নীরব থাকেন।

দীপাবলিতে বাজি পোড়ানোর উপর তাঁর সরকার কোনও নিষেধাজ্ঞা জারি করেনি বলেও জানান যোগী। তাঁর দাবি, মানুষ এবার উৎসাহের সঙ্গে উৎসব পালন করেছেন। অযোধ্যার দীপোৎসবেও তিনি নিজে অংশ নিয়েছিলেন। গোবর্ধন পুজো এবং ভাইফোঁটাও রাজ্যের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বলে দাবি করেন তিনি।

এরপরই ২০১৭ সালের আগের উত্তরপ্রদেশের পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার আগে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে রাজ্যে প্রায়ই সাম্প্রদায়িক উত্তেজনা ও দাঙ্গার ঘটনা ঘটত। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হত। কিন্তু গত সাড়ে ন’বছরে উত্তরপ্রদেশে কোনও কার্ফু বা দাঙ্গার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। তাঁর মতে, শান্তিপূর্ণ পরিবেশের কারণে রাজ্যে ব্যবসা-বাণিজ্যেরও উন্নতি হয়েছে।

এদিনের সরকারি অনুষ্ঠানে রাজস্ব দফতরের ১,১৪৬ জন নবনিযুক্ত জুনিয়র অ্যাসিস্ট্যান্টের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী কৃষক দুর্ঘটনা কল্যাণ যোজনার আওতায় ৪,৩০০ জন উপভোক্তার জন্য আর্থিক সাহায্যও ছাড়া হয়। ভাইফোঁটা উপলক্ষে ৬০ বছর বা তার বেশি বয়সি মহিলাদের বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধার কথাও তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, যোগীর এই মন্তব্য এমন সময়ে সামনে এল, যখন দীপাবলির পর দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলের বাতাসের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেখানে বায়ুর গুণমান সূচক বা একিউআই ৪৮৩-তে পৌঁছে গিয়েছিল। অর্থাৎ দূষণের মাত্রা পৌঁছেছিল ‘সিভিয়ার’ বা অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে। এই পরিস্থিতিতে বাজি পোড়ানো নিয়ে যোগীর মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে।

Hot this week

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

যোগী রাজ্যে জনবহুল বাজারে মুসলিম জুতো ব্যবসায়ীকে গুলি করে খুন, মৃত্যুর আগে অভিযুক্তের নাম জানিয়ে গেলেন কওসেন!

উত্তরপ্রদেশের গাজিপুরে জনবহুল বাজারের মধ্যে এক জুতো ব্যবসায়ীকে গুলি...

ফের বাড়ল দুধের দাম, লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা আমুল, আজ থেকেই কার্যকর নতুন দাম

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার মধ্যে এবার সাধারণ মানুষের পকেটে...

Topics

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

ফের বাড়ল দুধের দাম, লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা আমুল, আজ থেকেই কার্যকর নতুন দাম

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার মধ্যে এবার সাধারণ মানুষের পকেটে...

Related Articles

Popular Categories