প্যালেস্টাইন ও গোলান মালভূমি এলাকায় ইজরায়েলের দখলে থাকা মানুষের অধিকার রক্ষায় রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ইজরায়েলের বিরুদ্ধে আনা একটি প্রস্তাবের পক্ষে ভোট দিল ভারত। ফিলিস্তিন এবং ইজরায়েলের দখলে থাকা সিরিয়ার গোলান এলাকার মানুষের জমি, জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের উপর নিজেদের অধিকার রয়েছে। সেই অধিকারকে স্বীকৃতি দিয়েই এই প্রস্তাব আনা হয়েছিল। একই সঙ্গে ওই অঞ্চলগুলির প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও ক্ষতি করা বন্ধ করতে ইজরায়েলের উপর চাপ তৈরির কথাও বলা হয়েছে।গত ১১ নভেম্বর রাষ্ট্রসংঘের ১৯৩টি সদস্য দেশের সাধারণ সভায় এই প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। উরুগুয়ের আনা প্রস্তাবের পক্ষে ভোট দেয় ভারত-সহ মোট ১৫১টি দেশ। অন্যদিকে, ইজরায়েল ও আমেরিকা-সহ সাতটি দেশ প্রস্তাবের বিরোধিতা করে। ভোটদানে বিরত থাকে ১১টি দেশ। বিপুল সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি গৃহীত হয়।প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনের দখল করা অঞ্চল এবং সিরিয়ার গোলান এলাকার মানুষের নিজেদের প্রাকৃতিক সম্পদের উপর সম্পূর্ণ অধিকার রয়েছে। জমি, জল এবং জ্বালানির মতো সম্পদের উপর তাঁদের এই অধিকার কেড়ে নেওয়া যায় না। ইজরায়েলকে অবিলম্বে এই সম্পদ ব্যবহার করে লাভ করা, সেগুলির ক্ষতি করা এবং নষ্ট করা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।এছাড়া ফিলিস্তিনের অধিকৃত এলাকায়, বিশেষ করে পূর্ব জেরুজালেমে, ইজরায়েলের তৈরি করা প্রাচীর এবং বসতি নির্মাণ নিয়েও আপত্তি জানানো হয়েছে। রাষ্ট্রসংঘের বক্তব্য, এই ধরনের কাজ আন্তর্জাতিক আইনের বিরোধী। এর ফলে ফিলিস্তিনের মানুষ নিজেদের প্রাকৃতিক সম্পদ থেকে বঞ্চিত হচ্ছেন।প্রস্তাবে ইজরায়েলকে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের নিয়ম মেনে চলার কথাও বলা হয়েছে। ফিলিস্তিনের অধিকৃত এলাকার পরিচয় ও অবস্থান বদলে দেওয়ার চেষ্টা বন্ধ করার দাবি উঠেছে। একই সঙ্গে ইজরায়েলি বসতি স্থাপনকারীদের এমন কাজ থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে, যার ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। ওই এলাকায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার বিষয়টিও তুলে ধরা হয়েছে।জলের পাইপলাইন, নিকাশি ব্যবস্থা এবং বিদ্যুতের পরিকাঠামো ধ্বংস করা বন্ধ করার দাবিও জানানো হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনের মানুষের বাড়িঘর, কৃষিজমি, জলের কুয়ো এবং অন্যান্য নাগরিক পরিকাঠামো ভেঙে দেওয়া বা দখল করার বিরুদ্ধেও সরব হয়েছে রাষ্ট্রসংঘ।বিশেষ করে গাজায় পুনর্গঠন ও উন্নয়নের কাজ দ্রুত শুরু করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। এই কাজে আন্তর্জাতিক মহলকে প্রয়োজনীয় সাহায্য করার আহ্বানও জানিয়েছে সাধারণ সভা।ভারতের এই ভোট আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের মানুষের প্রাকৃতিক সম্পদের অধিকারের পক্ষে একটি গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে দেখা হচ্ছে।
প্যালেস্টাইনের প্রাকৃতিক সম্পদের উপর অধিকার শুধুমাত্র প্যালেস্টিনিয়ানদের, রাষ্ট্রসংঘের প্রস্তাবে সমর্থন ভারতের
Popular Categories


