অশোকধাম মন্দিরটি ইন্দ্রদমনেশ্বর মন্দির নামেও পরিচিত। শ্রাবণ মাসের সোমবারগুলিতে এখানে বিপুল ভক্ত সমাগম হয়। শ্রাবণের সোমবার পুজো দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন বিহারের লখিসরাইয়ের অশোকধাম শিবমন্দিরের ভক্তেরা। সোমবার সকাল পৌনে ৭টা নাগাদ মন্দিরে ভিড়ের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়। সেই সময় পদপিষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন আরও অনেকে।
লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পর পর দু’টি ট্রেন কাছের স্টেশনে পৌঁছেছিল। ফলে অল্প সময়ের মধ্যে মন্দিরে ভক্তের সংখ্যা অনেক বেড়ে যায়। বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দিরের ভিতরে বিদ্যুতের তার বা খুঁটি পড়ে রয়েছে বলে খবর ছড়িয়ে পড়েতেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়েই ভক্তদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বেরিয়ে যাওয়ার জন্য সবাই একসঙ্গে চেষ্টা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রচণ্ড ভিড়ের চাপে একটি ব্যারিকেডও ভেঙে পড়ে। এরপর একে অপরের উপর পড়ে যান অনেকে।
আহতদের দ্রুত লখিসরাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে মার্চে নালন্দার শীতলামাতা মন্দিরেও ভিড়ের চাপে ৮ জনের মৃত্যু হয়েছিল।


