দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সরকারি বাসভবনে বৃহস্পতিবার পালিত হল তিজ উৎসব। ফুল দিয়ে সাজানো হয়েছিল গোটা এলাকা। ছিল নানা ধরনের খাবারের আয়োজন। গান, নাচ এবং উৎসবের নানা আয়োজনে সকাল থেকেই মুখ্যমন্ত্রীর বাসভবনে ছিল আনন্দের পরিবেশ। এই অনুষ্ঠানে বাংলার তিন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।অনুষ্ঠানে তিন সাংসদকে বেশ খোশমেজাজে দেখা যায়। তাঁরা হাতে মেহেন্দি পরেন এবং একসঙ্গে ছবিও তোলেন। রাজনৈতিক টানাপোড়েনের বাইরে গিয়ে তাঁদের এই উৎসবে অংশ নেওয়ার ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর পরেই তাঁদের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের অন্দরে বেশ কিছুদিন ধরেই বিক্ষুব্ধ শিবিরের সঙ্গে যুক্ত বলে আলোচনা রয়েছে। তাঁরা এনডিএ-র প্রতি সমর্থন জানিয়েছেন এবং নতুন দল এনসিপিআইয়ের সঙ্গে যাওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন বলেও রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। যদিও লোকসভার স্পিকারের তরফে এখনও তাঁদের দলবদলের বিষয়ে কোনও চূড়ান্ত স্বীকৃতি দেওয়া হয়নি। ফলে সংসদের সরকারি নথি বা লোকসভা টিভির সম্প্রচারে এখনও তাঁদের নামের পাশে তৃণমূল কংগ্রেসের পরিচয়ই দেখা যাচ্ছে।এর মধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁদের যোগাযোগ নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁদের বৈঠক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ নিয়েও রাজনৈতিক মহলে চর্চা হয়েছে। সেই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের মতো বিজেপি ঘনিষ্ঠ রাজনৈতিক পরিসরে তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও। অনুষ্ঠানের বেশ কিছু ছবি তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন। ছবিগুলি প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
Popular Categories

