দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসার পর বিরোধী দলগুলি রাস্তায় নেমেছে। একই সময়ে ককরোচ জনতা পার্টিও তাঁর পদত্যাগের জন্য নির্দিষ্ট সময়সীমা দিয়েছে। ফলে কেন্দ্রীয় সরকারের উপরও চাপ বাড়ছে। জ্ঞানেশ কুমার ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি দেশের ২৬তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন। তাঁর কার্যকালের মেয়াদ ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত। তাঁকে এই পদে নিয়োগের সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী আপত্তি জানিয়েছিলেন। তারপর থেকেই তাঁর নিয়োগ নিয়ে রাজনৈতিক বিতর্ক ছিল।ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শুক্রবার সমাজমাধ্যমে জানান, ২৬ সেপ্টেম্বরের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর মুম্বই থেকে আন্দোলন শুরু করা হবে। পরে সেই কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি বিরোধী দলগুলিকে নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে তাঁর অভিযোগ, নির্বাচনী ব্যবস্থায় কারচুপি হয়ে থাকলে তাতে অংশ নেওয়ার মাধ্যমে সেই ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।অন্যদিকে কংগ্রেসসহ একাধিক বিরোধী দল ইতিমধ্যেই জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেছে। দিল্লি, লখনউ, পাটনা, জম্মু, কলকাতা, পাঞ্জাব, অসম ও অরুণাচল প্রদেশে বিভিন্ন কর্মসূচি হয়েছে। দিল্লিতে যুব কংগ্রেসের বিক্ষোভ সামলাতে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। অসমে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে আটক করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের সদর দফতর ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল এসএফআই ও ডিওয়াইএফআই। দিল্লির যন্তরমন্তরেও নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিবাদ হয়। পাটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে। কয়েকজন আন্দোলনকারী নেতাকেও আটক করা হয়।জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করার আবেদনও জানানো হয়েছে। আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠীর অভিযোগ, নির্বাচন কমিশনে তাঁর কিছু সিদ্ধান্ত, নির্দেশিকা এবং প্রযুক্তিগত ব্যবস্থায় পরিবর্তন নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। এই পরিস্থিতির মধ্যেই জ্ঞানেশ কুমারের কয়েকটি প্রকাশ্য অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। মিরাট ও বারাণসীতে তাঁর নির্ধারিত কর্মসূচি নিয়ে আগেই প্রস্তুতি হয়েছিল। তবে কমিশনের দাবি, অনুষ্ঠান বাতিল নয়, পরবর্তী সময়ে আয়োজন করা হবে।
Popular Categories


