Sunday, October 4, 2026
31 C
Kolkata

পুজোতে ‘বাম-বধে’র হুঁশিয়ারি ব্যানারে, চ্যালেঞ্জ গ্রহণ করে এন্টালিতেই বুকস্টল করার প্রস্তুতি বামেদের

দুর্গাপুজোর মণ্ডপের বাইরে লাল কাপড়ের কাঠামো, তার ভিতরে সারি সারি বই—বাংলার শারদোৎসবের সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িয়ে থাকা পরিচিত ছবি বামেদের বুকস্টল। বাম জমানা থেকে তৃণমূল আমল—কলকাতা থেকে জেলার বিভিন্ন পুজো মণ্ডপের আশপাশে প্রতি বছরই দেখা গিয়েছে এই দৃশ্য। তবে ২০২৬-এর পুজোয় সেই চেনা ছবিতেই ছেদ পড়তে পারে বলে তৈরি হয়েছে জল্পনা। কারণ, বামেদের বুকস্টল ঘিরে এ বার সরাসরি ‘বাম বধ’-এর হুঁশিয়ারি সামনে এসেছে এন্টালির কামারডাঙা দুর্গোৎসব সমিতির তরফে।

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে পাল্টাপাল্টি হোর্ডিংয়ের রাজনীতি। এজেসি বোস রোড থেকে আলিমুদ্দিন স্ট্রিটে ঢোকার মুখে কামারডাঙা দুর্গোৎসব সমিতির তরফে ‘বাম বধ’-এর বার্তা দিয়ে হোর্ডিং লাগানো হয়েছে। পাল্টা হোর্ডিং দিয়েছে বামেরাও। সেখানে জার্মান নাৎসি শাসক অ্যাডলফ হিটলারের বক্তব্যের প্রসঙ্গ তুলে বলা হয়েছে, একসময় তিনিও ‘বাম বধ’-এর দাবি করেছিলেন—তার পরের ইতিহাসই তার পরিণতি দেখিয়েছে।

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজো মণ্ডপ চত্বরে বামেদের বইয়ের স্টল নিয়ে বার্তা দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, বামেদের স্টলে ‘শারদোৎসব’-এর পরিবর্তে স্পষ্টভাবে ‘দুর্গাপূজা’ শব্দটি ব্যবহার করতে হবে, না হলে অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বামেদের বইয়ের স্টলে কার্ল মার্ক্স ও লেনিনের বই থাকলেও স্বামী বিবেকানন্দ, লোকনাথজি কিংবা ভারত সেবাশ্রম সংঘের প্রণব প্রকাশনের বই দেখা যায় না। পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস এবং দ্বিজাতি তত্ত্বের মতো বিষয়ও সেখানে যথাযথভাবে তুলে ধরা হয় না বলে দাবি করেন তিনি।

মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের পরই এন্টালির কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতির অবস্থান আরও স্পষ্ট হয়। এ বার তাদের পুজোর মূল থিম ‘হিন্দু সনাতন রাষ্ট্র’। সেই থিমকে সামনে রেখে উদ্যোক্তারা জানিয়েছেন, পুজো মণ্ডপ বা তার আশপাশে কোনওভাবেই বামপন্থীদের বইয়ের স্টল বসতে দেওয়া হবে না।

পুজো কমিটির তরফে সুরজ সিং বলেন, অতীতে বামপন্থীরা হিন্দু ধর্মের উপর ‘আঘাত’ হেনেছে। যাদবপুর এবং জেএনইউ-এর মতো প্রতিষ্ঠানের প্রসঙ্গ টেনে তাঁর দাবি, “যাঁরা আমাদের দেবদেবী বা ধর্ম মানেন না, তাঁদের স্টল সনাতনীদের অনুষ্ঠানে থাকতে পারে না।” তাঁর আরও বক্তব্য, মণ্ডপের কাছে লালঝান্ডা লাগিয়ে ‘বিদেশি লেনিন’ প্রচার করা চলবে না।

তবে পুজো কমিটির এই অবস্থান মানতে নারাজ সিপিএম। বাম নেতৃত্বের দাবি, সংশ্লিষ্ট বুকস্টলটি পুজো মণ্ডপের একেবারে পাশে নয়। এন্টালির ১ নম্বর শীল লেনের স্টলটি মণ্ডপ থেকে প্রায় ২০০ মিটার দূরে। তাদের দাবি, স্টলটি সিপিএম নিজেদের উদ্যোগেই তৈরি করে এবং এ বছরও পুলিশ ও কলকাতা পুরসভার সংশ্লিষ্ট দফতরকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে।

সিপিএমের এন্টালি এরিয়া কমিটির সদস্য দেবরাজ দেবনাথ বলেন, কোন পুজো কমিটি কী থিম করবে, তা তাদের নিজস্ব স্বাধীনতা। কিন্তু তাঁদের বুকস্টল পুজো মণ্ডপ থেকে কয়েকশো মিটার দূরে এবং পুলিশ-প্রশাসন ও পুরসভার সংশ্লিষ্ট স্তরকে জানিয়ে প্রতি বছরই বসে। তাঁর দাবি, “এ বছরেও তার অন্যথা হবে না।”

একই সঙ্গে অতীতের রাজনৈতিক সংঘর্ষের প্রসঙ্গও টেনে এনেছেন দেবরাজ। তাঁর বক্তব্য, সত্তরের দশকে ওই একই এলাকায় কংগ্রেসি সন্ত্রাসে মানিক চক্রবর্তী খুন হয়েছিলেন। পরবর্তী সময়ে তৃণমূল আমলেও পার্টি অফিস দখল ও আক্রমণের মতো পরিস্থিতির মধ্যেও বামেরা সেখানে সংগঠন ধরে রেখেছে বলে দাবি তাঁর।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাবেও পাল্টা যুক্তি দিয়েছে সিপিএম। সম্প্রতি বাম নেতা শতরূপ ঘোষ সামাজিক মাধ্যমে দাবি করেন, সিপিএমের বুকস্টলে স্বামী বিবেকানন্দের প্রামাণ্য বই নিয়মিতই পাওয়া যায়। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, স্বামী বিবেকানন্দের ভাই ডঃ ভূপেন্দ্রনাথ দত্ত বাঙালির মধ্যে মার্ক্স ও লেনিনের সাহিত্যচর্চার প্রসার ঘটিয়েছিলেন।

এই প্রসঙ্গেই দেবরাজের বক্তব্য, সংশ্লিষ্ট পুজো কমিটির কোনও পদাধিকারী তাঁদের বুকস্টলে এলে তাঁরা তাঁকে বিবেকানন্দের বই উপহার দেবেন।

তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রস্তুতিও নিচ্ছে সিপিএম। দলের প্রকাশনা সংস্থা ন্যাশনাল বুক এজেন্সি এ বার বেশ কয়েকটি বই বেশি সংখ্যায় পুনর্মুদ্রণ করছে বলে বাম সূত্রের দাবি। সেই তালিকায় রয়েছে ‘মার্ক্সবাদীদের দৃষ্টিভঙ্গিতে স্বামী বিবেকানন্দ’, ইএমএস নাম্বুদ্রিপাদের ‘আদি শঙ্করাচার্য ও অন্যান্য প্রসঙ্গ’ এবং ‘ভারতে হিন্দু-মুসলমানের যুক্ত সাধনা’-র মতো বই।

ফলে এ বার পুজোয় এন্টালির বুকস্টলকে ঘিরে সংঘাত কতটা বাড়ে, নাকি শেষ পর্যন্ত প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে—সেদিকেই নজর রাজনৈতিক মহলের। আপাতত পাল্টাপাল্টি হোর্ডিংয়ে জমে উঠেছে ‘বুকস্টল রাজনীতি’। চূড়ান্ত ছবি স্পষ্ট হবে দেবীপক্ষ থেকে পুজোর দিনগুলিতেই।

Hot this week

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

শিক্ষার খরচ কমানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স, আগুন-ভাঙচুরের মাঝে গ্রেফতার ২ হাজারের বেশি পড়ুয়া

শিক্ষাক্ষেত্রে সরকারি খরচ কমানোর প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভে...

Topics

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনের ডাক সিজেপির, ফের সরগরম যন্তর মন্তর

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লির...

Related Articles

Popular Categories