তরুণ বয়সের কিছু ছবি ও ভিডিয়ো ঘিরে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। সম্প্রতি আন্দোলনকারীদের নিয়ে তাঁর কিছু মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই সব প্রশ্নের জবাব দিতে সমাজমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করলেন কঙ্গনা।
একটি ভিডিয়োয় কঙ্গনা বলেন, সময়ের সঙ্গে মানুষের চিন্তাভাবনা ও বিশ্বাস বদলাতে পারে। তাঁর দাবি, সংবিধান প্রত্যেক মানুষকে নিজের মত ও পথ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছে। তিনি জানান, বর্তমানে তিনি নিজেকে আরও ‘জাগ্রত’ ও ‘শৃঙ্খলাবদ্ধ’ হিন্দু হিসেবে গড়ে তুলতে চান এবং ‘সঙ্ঘী’ হওয়ার ইচ্ছার কথাও জানান।
পুরনো ভিডিয়ো নিয়ে ওঠা প্রশ্নের জবাবে কঙ্গনা বলেন, অতীত নিয়ে তিনি আর কোনও ব্যাখ্যা দিতে চান না। তাঁর কথায়, একসময় তিনি উদারপন্থী হিন্দু ছিলেন। সেই সময় নিজের মতো জীবনযাপন করতেন, বিভিন্ন বিষয়ে প্রতিবাদও করেছেন।
কঙ্গনার বক্তব্য, এখন তিনি বিজেপি ও আরএসএসের ভাবধারার সঙ্গে নিজেকে যুক্ত করতে চান। তাঁর প্রশ্ন, অন্য কারও মতাদর্শ বা বিশ্বাস পরিবর্তন গ্রহণযোগ্য হলে, তাঁর ক্ষেত্রে আপত্তি কেন থাকবে?
তিনি আরও বলেন, হিন্দু মহিলাদেরও নিজেদের বিশ্বাস ও জীবনধারা বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। তাঁর মতে, বহু বছর আগের ছবি বা ভিডিয়ো তুলে কারও বর্তমান পরিচয় নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। তিনি মনে করেন, নিজের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার সবার থাকা প্রয়োজন।


