উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় এক ঝালমুড়ি বিক্রেতার মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার সকালে শিয়ালদহ মেইন শাখার কাঁকিনাড়া স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় কার্তিক সাউ (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ট্রেনে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।পরিবার সূত্রে জানা গিয়েছে, কাঁকিনাড়ার ফিঙ্গাপাড়া পদ্মপুকুর রোডের বাসিন্দা কার্তিকবাবু ছিলেন সংসারের প্রধান উপার্জনকারী। তাঁর রোজগারের উপরই নির্ভর করত পরিবারের দৈনন্দিন খরচ। স্ত্রী, বৃদ্ধা মা এবং ছেলেকে নিয়ে তাঁর পরিবার। এছাড়াও তাঁর এক মেয়ের বিয়ে হয়ে গেছে।মৃতের পরিবারের দাবি, গত কয়েক মাস ধরে ট্রেনে হকারি নিয়ে কড়াকড়ি বাড়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। পরিবারের সদস্যদের কথায়, সম্প্রতি রেল কর্তৃপক্ষের তরফে তাঁর বিরুদ্ধে জরিমানাও করা হয়েছিল। সেই জরিমানার অর্থ জোগাড় করতে গিয়ে তাঁকে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়েছিল বলে অভিযোগ।কার্তিকবাবুর ছেলে রাহুল জানান, জরিমানার ঘটনার পর থেকেই তাঁর বাবা উদ্বেগে ভুগছিলেন। ভবিষ্যতে ট্রেনে ব্যবসা চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়েও তিনি চিন্তিত ছিলেন। পরিবারের দাবি, শনিবার তিনি বাড়ির লোকজনের কাছে নিজের হতাশার কথা জানিয়েছিলেন।পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, শনিবার বিকেলে ঝালমুড়ির বাক্স নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। তবে রাতে আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে কাঁকিনাড়া স্টেশনের কাছে তাঁর মৃত্যু হয়। পরে একটি স্থানীয় দোকান থেকে তাঁর ঝালমুড়ির বাক্স উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।কার্তিকবাবুর সহকর্মীদের একাংশের দাবি, ট্রেনে হকারি সংক্রান্ত সম্ভাব্য নতুন নিয়ম নিয়ে অনেক বিক্রেতার মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। সেই আশঙ্কাও তাঁর মানসিক অবস্থার উপর প্রভাব ফেলেছিল বলে তাঁদের ধারণা।ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা গভীর দুঃখে ভেঙে পড়েছেন। রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।এদিকে ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করে দাবি করেছেন, জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বহু ক্ষুদ্র ব্যবসায়ী সমস্যার মুখে পড়ছেন। যদিও এই বিষয়ে রেলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলার দরিদ্র হকারদের আচ্ছে দিন এখন অতীত! হকার উচ্ছেদের আতঙ্কে ট্রেনের নিচে আত্মঘাতী ঝাল মুড়ি বিক্রেতা
Popular Categories


