কর্নাটকে RSS এর কার্যকলাপ সীমিত করতে এবার নতুন আইন পাশ করাতে অনুমোদন দিল কর্ণাটক সরকার।
মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভা ‘সরকারি সম্পত্তি নিয়ন্ত্রণ আইন, ২০২৬’-এ অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, সরকারি জমি বা জনসমক্ষে কোনও অনুষ্ঠান করতে হলে আগে অনুমতি নিতে হবে। একইভাবে সরকারি স্কুল, কলেজ বা অন্য সম্পত্তিতে কোনও বেসরকারি কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন অনুমতি ছাড়া কর্মসূচি করতে পারবে না। অনিবন্ধিত সংগঠনগুলির ক্ষেত্রেও থাকবে কড়া বিধিনিষেধ।
কর্নাটকে RSS-এর কার্যকলাপ নিয়ন্ত্রণ করা নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক চাপানউতোর চলছে। রাজ্যের পুলিশমন্ত্রী তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে একাধিকবার RSS নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করেছেন। তবে সরাসরি এই সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ করা রাজনৈতিকভাবে কঠিন। তাই এবার অন্য পথে এগোচ্ছে কর্নাটক সরকার।
প্রিয়াঙ্ক খাড়গের দাবি, সরকারি সম্পত্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই আইন। তাঁর কথায়, কোনও নির্দিষ্ট সংগঠনকে নিশানা করে বিলটি তৈরি করা হয়নি।
এর আগেও ১৯৪৮ সালে মহাত্মা গান্ধীর হত্যার পর এবং জরুরি অবস্থার সময় RSS-এর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরাসরি নিষেধাজ্ঞার বদলে কর্নাটক সরকার নিয়ম-কানুনের মাধ্যমে RSS এর কার্যকলাপ সীমিত করতে চাইছে বলেই জল্পনা।
তবে বিরোধী মহল ও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, এর আসল লক্ষ্য RSS-এর শাখা ও বিভিন্ন কর্মসূচি। কারণ, বিভিন্ন জায়গায় RSS-এর শাখা সরকারি স্কুল, কলেজ বা মন্দির চত্বরে বসে বলে দাবি করা হয়।


