সম্পূর্ণ বন্দেমাতরম গাওয়া হবে না কেরলে, বললেন কংগ্রেস সাংসদ রাজমোহন উন্নিথান। আর এই মন্তব্যের পরেই শুরু হয় তীব্র বিতর্ক। এই বিতর্কের সূত্রপাত কেরলের মুখ্যসচিব বিশ্বনাথ সিংহের ৬ আগস্টের একটি চিঠিকে ঘিরে। ওই চিঠিতে জানানো হয়, ২০২৬ সালের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দেশব্যাপী অনুষ্ঠানের তৃতীয় পর্যায়ের সঙ্গে যুক্ত করা হবে।
আগামী ৯ থেকে ১৭ আগস্ট দেশজুড়ে পালিত হবে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। এই অনুষ্ঠানে জাতীয়তাবাদী গান ‘বন্দে মাতরম’ সম্পূর্ণভাবে গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেরলে সেই নির্দেশ মানা হবে না বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ রাজমোহন উন্নিথান।
উন্নিথানের বক্তব্য, কেরলে এত দিন যেভাবে ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হয়েছে, ভবিষ্যতেও একই নিয়ম বজায় থাকবে। তাঁর দাবি, গানটির পুরো সংস্করণ গাওয়ার প্রশ্নই নেই। এ নিয়ে কেন্দ্রের তরফে চাপ এলেও কেরলের অবস্থান বদলাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
উন্নিথান স্পষ্ট করে জানিয়েছেন, ‘বন্দে মাতরম’-এর সম্পূর্ণ রূপ কেরল মেনে নেবে না। তাঁর বক্তব্য ঘিরেই এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।
কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, এবারের কর্মসূচিতে ‘বন্দে মাতরম’-কে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা। সেই নির্দেশ সামনে আসার পরই কেরলের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে।


