আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। সেই সময় তারাপীঠে প্রচুর ভক্তের ভিড় হয়। তাই তার আগেই এলাকার সব হোটেল ও লজের নিরাপত্তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এর জন্য বিশেষ অডিট কমিটিও তৈরি হয়েছে।
তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে ভয়াবহ আগুনের পর নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ করল প্রশাসন। অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হওয়ার পর তারাপীঠের ১৫টি হোটেল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, পরিদর্শনের সময় ১৫টি হোটেলে একাধিক নিয়মভঙ্গ ধরা পড়ে। অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থা, দূষণ নিয়ন্ত্রণ-সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রুটি পাওয়া গিয়েছে। আগে সতর্ক করা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় এবার হোটেলগুলির বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ করা হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের পর তারাপীঠে পর্যটকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই আগাম বুকিং বাতিল করে বাড়ি ফিরছেন। তাঁদের আশঙ্কা, পাশাপাশি থাকা হোটেলগুলির একটিতে আগুন লাগলে দ্রুত অন্যটিতেও ছড়িয়ে পড়তে পারে। ফলে আসন্ন উৎসবের আগে হোটেলগুলির নিরাপত্তা নিয়ে প্রশাসনের কড়া নজরদারি শুরু হয়েছে।
রামপুরহাটের মহকুমাশাসক জানিয়েছেন, কৌশিকী অমাবস্যার আগে ভক্তদের নিরাপত্তাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য। তারাপীঠের প্রতিটি হোটেলের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা হবে এবং ত্রুটি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

