পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মাদ্রাসাগুলির পরিচালনা এবং বিভিন্ন নথিপত্র যাচাইয়ের পর প্রথম ধাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। একই সঙ্গে আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধেও একাধিক বিষয়ে গরমিল পাওয়ার অভিযোগ রয়েছে।জানা গিয়েছে, কলকাতা-সহ রাজ্যের ২২টি জেলায় মাদ্রাসাগুলির বিষয়ে এই যাচাই করা হয়। জেলা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি রাজ্য সরকারের বিশেষ দলও বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তথ্য সংগ্রহ করে। সেখানে মাদ্রাসার পরিচালন ব্যবস্থা, শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা, ছাত্রছাত্রীদের উপস্থিতি, ভবনের পরিকাঠামো এবং অর্থ কোথা থেকে আসছে—এমন একাধিক বিষয় খতিয়ে দেখা হয়।তথ্য যাচাইয়ের পর ২৫২টি প্রতিষ্ঠানকে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সরকারের বক্তব্য, এর অর্থ সব মাদ্রাসার ক্ষেত্রেই একই ধরনের পদক্ষেপ করা হচ্ছে না। যেসব মাদ্রাসার প্রয়োজনীয় অনুমোদন রয়েছে এবং নিয়ম মেনে পরিচালিত হচ্ছে, সেগুলি নিয়ে কোনও সমস্যা নেই। সংখ্যালঘু উন্নয়ন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, কলকাতা-সহ ২২টি জেলার মাদ্রাসা থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয়েছে। অনুমোদিত প্রতিষ্ঠানগুলি নিয়ম মেনেই চলছে বলে তাঁর দাবি।অন্যদিকে, যেসব মাদ্রাসার পরিচালন ব্যবস্থা, অনুমোদন বা নথিপত্র নিয়ে প্রশ্ন উঠেছে, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গুরুতর অসঙ্গতি পাওয়া প্রতিষ্ঠানগুলিকে ইতিমধ্যেই কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়েছে।মাদ্রাসা নিয়ে নিরাপত্তার প্রশ্নও তুলেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, অতীতে কয়েকটি মাদ্রাসার সঙ্গে উগ্রপন্থী কার্যকলাপের অভিযোগের যোগ পাওয়া গিয়েছে। কিছু ক্ষেত্রে শিক্ষক নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছিল বলে তিনি দাবি করেন। বিস্ফোরণ-সহ কয়েকটি ঘটনার পর মাদ্রাসাগুলির ভূমিকা নিয়ে অভিযোগ ওঠায় এবার বিস্তারিত যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।
অর্থের উৎস থেকে পরিচালনায় গরমিলের অভিযোগ, রাজ্যে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ সরকারের! শো-কজ় আরও ১০০টিকে
Popular Categories


