উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার লাম্ভুয়া এলাকায় ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে অস্বীকার করায় দুই মুসলিম যুবককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে ওই ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে থাকা দুই যুবককে কয়েকজন ব্যক্তি ঘিরে ধরে মারধর করছে। হামলাকারীদের লাথি ও চড় মারতে দেখা যায়। একপর্যায়ে ওই দুই যুবককে জোর করে মোটরসাইকেল থেকে নামিয়ে দেওয়া হয়।
ভিডিওতে হামলাকারীদের ভুক্তভোগীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, “ভারতে থেকেও কি ‘জয় শ্রী রাম’ বলবেন না?” অভিযোগ, হামলাকারীরা শুধু মারধরই করেনি, বরং যুবকদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং মোটরসাইকেলটি কেড়ে নেওয়ারও চেষ্টা করে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। এরপর লাম্ভুয়া থানার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্ত দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য বিশেষ পুলিশ দল গঠন করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, “ভিডিওর ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি সামাজিক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মানবাধিকার কর্মী ও সামাজিক সংগঠনগুলির একাংশ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।


