বিরোধী রাজনৈতিক শিবিরে নতুন করে মতবিরোধ সামনে এসেছে। তামিলনাড়ুর শাসক দল ডিএমকে এবার সরাসরি কংগ্রেস এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগেছে। দলের দাবি, বিরোধী শক্তিগুলিকে একসঙ্গে রাখার পরিবর্তে কংগ্রেসের কিছু পদক্ষেপই জোটের ভিত দুর্বল করে তুলছে।ডিএমকের মুখপত্রে প্রকাশিত এক নিবন্ধে কংগ্রেসের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিরোধী ঐক্যের কথা বলা হলেও বাস্তবে কংগ্রেসের নানা সিদ্ধান্ত জোটের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি করছে। রাহুল গান্ধীর রাজনৈতিক ভূমিকা নিয়েও কটাক্ষ করা হয়েছে।সম্প্রতি তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে দুই দলের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করলেও ফল ঘোষণার পর কংগ্রেস ডিএমকের পথ থেকে সরে এসে বিজয়ের নেতৃত্বাধীন শিবিরকে সমর্থন করে। এর জেরে ডিএমকের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দলের অভিযোগ, কঠিন সময়ে তারা কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিল, অথচ সুযোগ আসতেই কংগ্রেস তাদের ছেড়ে অন্য পথে হাঁটছে।অন্যদিকে কংগ্রেসের বক্তব্য, তারা শুধুমাত্র জনগণের দেওয়া রায়কে সম্মান করেছে। এই সিদ্ধান্তকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখার কোনও কারণ নেই বলেই তাদের মত।এদিকে কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের সাম্প্রতিক বৈঠকেও অংশ নেয়নি ডিএমকে। তবে বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে তারা আগের মতোই সমর্থন জানাবে বলে স্পষ্ট করেছে দলটি। ডিএমকের অভিযোগ, কেরলসহ বিভিন্ন রাজ্যে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান বিরোধী দলগুলির মধ্যে দূরত্ব বাড়াচ্ছে। ফলে বিরোধী ঐক্য রক্ষার বদলে তা আরও চাপে পড়ছে বলে মনে করছে ডিএমকে।
Popular Categories


