শুভেন্দু অধিকারীর খাস তালুক কাঁথিতেই এবার বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। অভিযোগ করলেন বিজেপি নেত্রী কৃষ্ণা দাস। তার জেরে রীতিমতো অস্বস্থিতে পড়েছে গেরুয়া শিবির।
সম্প্রতি উত্তর কাঁথি বিধানসভার ৩ নম্বর মণ্ডলের বিভিন্ন ঘটনার কথা তুলে ধরে তিনি ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, পালাবদলের পর এলাকায় ভয় দেখানো, জোর করে টাকা আদায়, ভাঙচুর এবং প্রভাব খাটানোর মতো ঘটনা ঘটছে। এমনকি ভেড়ি থেকে চিংড়ি তুলে বিক্রি করে টাকা তোলার অভিযোগও সামনে এসেছে।
শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপি নেত্রী কৃষ্ণা দাস প্রকাশ্যে অভিযোগ করেছেন, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতির ঘনিষ্ঠ কয়েকজন নেতা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তাঁর প্রশ্ন, এসব দেখেও জেলা সভাপতি কেন কোনও ব্যবস্থা নিচ্ছেন না?
এই অভিযোগে অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি। তবে জেলা সভাপতি সোমনাথ রায় বলেন, লিখিত অভিযোগ না করে শুধুমাত্র সমাজমাধ্যমে পোস্ট করলে তদন্ত করা সম্ভব নয়। কার বিরুদ্ধে কী অভিযোগ, তার স্পষ্ট তথ্যও দেওয়া হয়নি বলে তাঁর দাবি। অথচ, কৃষ্ণা দাসের দাবি, তিনি যা দেখেছেন, তাই প্রকাশ করেছেন। এখন দল বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখবে বলেই তাঁর আশা।
উল্লেখ্য, ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কৃষ্ণা দাস। তখন তিনি কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভানেত্রী ছিলেন। দল বদলের পর সেই পদ হারালেও বিজেপিতেই থেকে যান। বর্তমানে তিনি শিক্ষকতার পাশাপাশি দলের সক্রিয় কর্মী।


