রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে প্রতীক নিয়ে সমস্যায় পড়েছে আম জনতা উন্নয়ন পার্টি। দলের প্রার্থী গোলাম নবী আজাদ রবিন তাঁর বাবা হুমায়ুন কবীরের মতোই ‘বাঁশি’ প্রতীকে ভোটে লড়তে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে এই প্রতীক দেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। নির্বাচন কমিশনের তালিকায় ‘বাঁশি’ একটি অবাধ বা ফ্রি প্রতীক হিসেবে রয়েছে। তবে তামিলনাড়ুতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য এই প্রতীক বরাদ্দ রয়েছে। রেজিনগর উপনির্বাচনের ঘোষণা হওয়ার পর আম জনতা উন্নয়ন পার্টি কমিশনের কাছে আবেদন করে বাঁশি প্রতীকটি তাদের জন্য রাখার অনুরোধ জানায়।শুক্রবার কমিশনের তরফে দলকে জানানো হয়েছে, উপনির্বাচনের ক্ষেত্রে আগে থেকে কোনও প্রতীক বরাদ্দ বা সংরক্ষণের নিয়ম নেই। ফলে মনোনয়ন জমা দেওয়ার পর প্রতীক বণ্টনের সময় পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার বিকেলের মধ্যেই বিষয়টি পরিষ্কার হওয়ার কথা। এই অনিশ্চয়তায় রবিনের প্রচার নিয়েও চিন্তা তৈরি হয়েছে। কারণ রেজিনগরে তাঁর বাবা যে প্রতীকে ভোটে জিতেছিলেন, সেই বাঁশির সঙ্গে ইতিমধ্যেই দলের পরিচিতি তৈরি হয়েছে। শেষ মুহূর্তে প্রতীক বদলে গেলে নতুন চিহ্ন ভোটারদের মধ্যে পরিচিত করানো কঠিন হতে পারে।রবিনের দাবি, তিনি সবার আগে বাঁশি প্রতীক চেয়ে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁর বক্তব্য, বাবার জয়ী প্রতীক হওয়ায় সেটি পাওয়ার ক্ষেত্রে তাঁর দাবিও রয়েছে। তবে কমিশনের সিদ্ধান্তই শেষ কথা। এদিকে দলটি বিকল্প হিসেবে ‘টেবিল’ প্রতীকও চেয়ে রেখেছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ফলে বাঁশি না পেলে রবিনকে টেবিল প্রতীক নিয়েই লড়তে হতে পারে।শুধু আম জনতা উন্নয়ন পার্টি নয়, অন্য এক প্রার্থীর প্রতীক নিয়েও জটিলতা তৈরি হয়েছে। ‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের আপত্তি রয়েছে। বিধায়ক নওশাদ সিদ্দিকি বিষয়টি জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছেন। আগামী ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন। হুমায়ুন কবীর আসনটি ছেড়ে দেওয়ার পর তাঁর ছেলে রবিনকে প্রার্থী করেছে দল। ফলে ভোটের আগে প্রতীক সংক্রান্ত কমিশনের সিদ্ধান্ত এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
প্রতীক নিয়ে দুশ্চিন্তায় হুমায়ুন কবির! পছন্দের ‘বাঁশি’ চিহ্ন বাতিল করতে পারে নির্বাচন কমিশন
Popular Categories


