উত্তরপ্রদেশের মথুরায় মহিলাদের সঙ্গে প্রতারণা, নির্যাতন এবং আপত্তিকর ভিডিয়ো দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে এক স্বঘোষিত সাধুকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম হিম্মত গিরি। অভিযোগের পরিমাণ বাড়তে থাকায় কয়েক জন মহিলা এবং সমাজকর্মীরা মিলে তাঁকে ধরার পরিকল্পনা করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিম্মতকে পরিকল্পনা করে বৃন্দাবনে ডাকা হয়েছিল। অভিযোগকারিণী কয়েক জন মহিলা এবং সমাজকর্মীরা তাঁকে ধরার জন্য একটি ব্যবস্থা করেন। বিহারের একটি অতিথি আবাসে তিনি পৌঁছনোর পর সেখানে একদল মহিলা হাজির হন। সেই সময় তাঁকে ঘিরে ধরে মারধর করা হয়। পরে তাঁকে টেনে বাইরে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে ঘুষি ও লাথি মারার অভিযোগও রয়েছে।ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছয়। এরপর হিম্মত গিরিকে আটক করে নিয়ে যাওয়া হয় বৃন্দাবন থানায়। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।এক অভিযোগকারিণীর দাবি, হিম্মত বিভিন্নভাবে মহিলাদের সঙ্গে যোগাযোগ করতেন এবং তাঁদের সঙ্গে জোর করে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতেন। সেই সময় গোপনে ভিডিয়ো ধারণ করার অভিযোগও উঠেছে। পরে ওই ভিডিয়ো প্রকাশ্যে আনার ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে সুবিধা নেওয়া বা তাঁদের চুপ করিয়ে রাখার চেষ্টা করা হত বলে অভিযোগ।অভিযোগকারীদের বক্তব্য, সামাজিক সম্মান নষ্ট হওয়ার আশঙ্কায় অনেক মহিলা প্রথম দিকে পুলিশের কাছে যেতে চাননি। কিন্তু পরিস্থিতি গুরুতর হয়ে ওঠার পর একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করে।আরও অভিযোগ, হিম্মত কখনও কখনও ভিন্ন পরিচয় ব্যবহার করে মহিলাদের সঙ্গে যোগাযোগ করতেন। বিশেষ করে বিধবা এবং সন্তানহীন মহিলাদের লক্ষ্য করা হত বলে অভিযোগকারীদের দাবি। এক মহিলার অভিযোগ, তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করার চেষ্টা শুরু হতেই হিম্মত নিজের থাকার জায়গা পরিবর্তন করতে থাকেন।তাঁর বিরুদ্ধে মহিলাদের শারীরিকভাবে আঘাত করার অভিযোগও রয়েছে। ইতিমধ্যে সমাজমাধ্যমে এই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্তের পর অভিযোগগুলির বিষয়ে আরও তথ্য সামনে আসতে পারে।
Popular Categories

