Wednesday, November 11, 2026
28 C
Kolkata

২০২৪-এর নির্বাচনে ৫১ আসনে ভোটগণনায় বড়সড় গরমিল, নির্বাচন কমিশনের নথিতেই ধরা পড়ল একাধিক অসঙ্গতি

২০২৪ সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনের ভোটগণনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল। মহারাষ্ট্র, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের ৫১টি আসনে ভোটদানের সংখ্যা এবং ইভিএমে গণনা হওয়া ভোটের মধ্যে বড়সড় ফারাকের অভিযোগ সামনে এসেছে। ‘দ্য রিপোর্টার্স কালেকটিভ’-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ নথির উল্লেখ করে এই অসঙ্গতির কথা তুলে ধরা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাদের অভিযোগ, এই ঘটনাগুলি ভোটের স্বচ্ছতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি করছে।প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্রের মুম্বই নর্থ লোকসভা কেন্দ্রে ২০২৪ সালের নির্বাচনে প্রায় ১৮ লক্ষ ১১ হাজার ভোট পড়েছিল বলে প্রাথমিক নথিতে উল্লেখ ছিল। কিন্তু ইভিএমে গণনা হওয়া ভোটের সংখ্যা ছিল প্রায় ১০ লক্ষ ৩৩ হাজার। অর্থাৎ, দুই হিসাবের মধ্যে প্রায় ৭ লক্ষ ৭৮ হাজার ভোটের ফারাক। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী পীযূষ গোয়েল কংগ্রেস প্রার্থীকে সাড়ে তিন লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেন। এই বিপুল ব্যবধান কীভাবে তৈরি হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।হরিয়ানার বড়খাল বিধানসভা কেন্দ্রেও একই ধরনের অসঙ্গতির কথা জানিয়েছে ওই প্রতিবেদন। সেখানে প্রায় ৩ লক্ষ ৩২ হাজার ভোট পড়ার তথ্য থাকলেও ইভিএমে গণনা হয়েছিল মাত্র ১ লক্ষ ৬০ হাজার ভোট। নির্বাচনে বিজেপি প্রার্থী ধনেশ আদলাখা কংগ্রেসের বিজয়প্রতাপ সিংকে ছয় হাজারের কিছু বেশি ভোটে হারান।এই একই প্রতিবেদনে হরিয়ানার কৈথল বিধানসভা কেন্দ্রের হিসাবেও বড় অসঙ্গতির কথা বলা হয়েছে। সেখানে কমিশনের অভ্যন্তরীণ নথিতে মাত্র ২১৫ জন ভোটার বুথে এসেছেন বলে উল্লেখ রয়েছে। অথচ ইভিএমে গণনা হয়েছে ১ লক্ষ ৬৭ হাজার ২৮৫টি ভোট। অর্থাৎ, ভোট দিতে আসা মানুষের সংখ্যা এবং গণনার মধ্যে বিশাল ফারাক।‘দ্য রিপোর্টার্স কালেকটিভ’ মহারাষ্ট্র, হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের মোট ৫৩০টি লোকসভা ও বিধানসভা কেন্দ্রের নথি পরীক্ষা করেছে। তাদের দাবি, ৫১টি কেন্দ্রে ভোটদানের হিসাব ঠিকভাবে মেলেনি। এর মধ্যে ৩২টি কেন্দ্রে ভোট দিতে আসা মানুষের সংখ্যা এবং ইভিএমে গণনা হওয়া ভোটের মধ্যে পার্থক্য রয়েছে। ১২টি কেন্দ্রে গণনার সংখ্যা ভোটদানের হিসাবের চেয়ে কম। অন্যদিকে, ২০টি কেন্দ্রে গণনা হয়েছে বেশি ভোট। আরও ১৯টি কেন্দ্রে ভোট দিতে আসা মানুষের সংখ্যা নথিতে শূন্য বা ‘নিল’ লেখা রয়েছে। এই ১৯টির মধ্যে ১০টি কেন্দ্রে বিজেপি বা তাদের জোটসঙ্গীরা জয়ী হয়েছিল।প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুম্বই নর্থ ও বড়খাল কেন্দ্রে প্রাথমিক নথিতে মোট নথিভুক্ত ভোটারের সংখ্যাকেই ভোট পড়ার সংখ্যা হিসেবে দেখানো হয়েছিল। ফলে প্রকৃত ভোটদানের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। পরে নির্বাচন কমিশনের ঘোষিত হিসাবে এই দুই কেন্দ্রে ভোটদানের হার অনেক কম ছিল।এই বিষয়টি নিয়ে আগেও আদালতের দ্বারস্থ হয়েছিলেন হরিয়ানার বড়খালের কংগ্রেস প্রার্থী বিজয়প্রতাপ সিং। তাঁর আবেদনের ভিত্তিতে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট নির্বাচন সংক্রান্ত নথি এবং সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তার কিছুদিন পরই কেন্দ্রীয় সরকার নির্বাচনি বিধিতে পরিবর্তন আনে। এর ফলে সাধারণ মানুষের পক্ষে ভোট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া কঠিন হয়ে যায়।নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোট দিতে আসা মানুষের সংখ্যা এবং ইভিএমে জমা হওয়া ভোটের হিসাব আলাদাভাবে রাখা হয়। সাধারণত এই দুই হিসাবের মধ্যে মিল থাকার কথা। কোনও অস্বাভাবিক পার্থক্য দেখা গেলে তা খতিয়ে দেখার নিয়ম রয়েছে। তবে কমিশনের বক্তব্য, ভোট দিতে বুথে আসা প্রত্যেকেই শেষ পর্যন্ত ভোট দেন না। তাই দুই হিসাবের মধ্যে কিছু পার্থক্য হতে পারে।অন্যদিকে, এই রিপোর্ট সামনে আসতেই কংগ্রেস সরাসরি ভোট চুরির অভিযোগ তুলেছে। দলের দাবি, গণনার এই অসঙ্গতিগুলির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যাও চেয়েছে ‘দ্য রিপোর্টার্স কালেকটিভ’। সংবাদমাধ্যমটির দাবি, কমিশন তাদের কাছেই নিজেদের অভ্যন্তরীণ তথ্য ফের চেয়ে পাঠিয়েছে এবং সেই তথ্য গোপন রাখার আশ্বাস দিয়েছে। ফলে ২০২৪ সালের নির্বাচনের ভোটের হিসাব নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

Hot this week

বাংলাদেশে শেখ হাসিনার সমর্থকদের বিক্ষোভ ঘিরে তীব্র অশান্তি, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত একাধিক এলাকা

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে...

ওড়ার আগেই হাইজ্যাকের সতর্কবার্তা! কলকাতা-মুম্বই এয়ার ইন্ডিয়ার বিমানে আতঙ্ক, যাত্রী নামিয়ে শুরু তল্লাশি

কলকাতা বিমানবন্দরে বুধবার সকালে হঠাৎই ছড়াল বিমান ছিনতাইয়ের আতঙ্ক।...

Topics

অসমে বড়সড় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ৭ কামরা, আহত বহু যাত্রী

অসমে বড়সড় রেল দুর্ঘটনা। গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার...

Related Articles

Popular Categories