Friday, November 13, 2026
28 C
Kolkata

গাজায় হাসপাতালে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, চিকিৎসক-রোগীসহ নিহত ৬, আহত অন্তত ৩০

গাজায় ফের হাসপাতালকে নিশানা করে হামলার অভিযোগ উঠল ইজরায়েলি সেনার বিরুদ্ধে। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নাসের মেডিক্যাল কমপ্লেক্সে ইজরায়েলের বিমান হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন। নিহতদের মধ্যে চিকিৎসক, রোগী এবং তাঁদের পরিবারের সদস্যরাও রয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন বিশিষ্ট শল্যচিকিৎসক ডা. রিজক আবু শাইরা। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রক।

হাসপাতালের অধিকর্তা ডা. আহমেদ আল-ফারা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের শল্যচিকিৎসা বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থাকা একটি পাঁচতলা ভবনে পরপর দু’টি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। তার মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি ফাটেনি। বিস্ফোরণের জেরে হাসপাতালের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপারেশন থিয়েটার, চিকিৎসকদের বিশ্রামঘর, রোগীদের ওয়ার্ড এবং হাসপাতালের করিডরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার সময় হাসপাতালেই ছিলেন চিকিৎসক মহম্মদ কদেইহ। মাথায় আঘাত পেয়েছেন তিনি। তাঁর কথায়, রাত সাড়ে ১২টা নাগাদ কাজ শেষ করে চিকিৎসকরা বিশ্রাম নিতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় বিস্ফোরণ ঘটে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান তিনি। চারপাশ অন্ধকার হয়ে যাওয়ায় প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে অনেক কষ্টে নিজেকে ধ্বংসস্তূপ থেকে বের করেন। তাঁর পাশেই ছিলেন চিকিৎসক রিজক আবু শাইরা। বিস্ফোরণে প্রাণ হারান তিনি। একই ঘটনায় আরও এক চিকিৎসকের পা ভেঙেছে।

অন্যদিকে, ইজরায়েলি সেনার দাবি, হাসপাতালের ভিতরে লুকিয়ে ছিলেন হামাসের সশস্ত্র শাখার এক কমান্ডার মহম্মদ আবু ইসমাইল এবং তাঁর সহযোগীরা। সেখান থেকেই তাঁরা ইজরায়েলি সেনার বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিলেন। সেই কারণেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইজরায়েল। হামলার আগে সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলেও দাবি তাদের।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ সেই দাবি অস্বীকার করেছে। ডা. আল-ফারার বক্তব্য, হামলার আগে কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। হামাসও ইজরায়েলের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের বক্তব্য, হাসপাতালের মতো চিকিৎসা কেন্দ্রে হামলার দায় এড়াতেই এমন যুক্তি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র বিশেষ সুরক্ষার অধিকারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেড্রস আধানম ঘেব্রেইসাস জানিয়েছেন, গত তিন বছরে গাজায় স্বাস্থ্য পরিষেবার উপর ১,০৫৬টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। তাতে মৃত্যু হয়েছে ১,০১০ জনের।

২০২৫ সালের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও গাজায় হামলা বন্ধ হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ১,৬২০ জনেরও বেশি প্যালেস্তিনীয় নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মোট মৃতের সংখ্যা ৭৪,৬৫০ ছাড়িয়েছে। বৃষ্টিতে আশ্রয়শিবির প্লাবিত হওয়ায় হাজার হাজার বাস্তুচ্যুত পরিবারের দুর্ভোগও বেড়েছে। ফলে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় মানবিক সংকট ক্রমশ গভীর হচ্ছে।

Hot this week

‘উস্কানি ছড়ানোর আশঙ্কা’, ভোটের মুখে সোনম ওয়াংচুকের উপর ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি লেহ প্রশাসনের

লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের উপর নতুন...

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

যোগী রাজ্যে জনবহুল বাজারে মুসলিম জুতো ব্যবসায়ীকে গুলি করে খুন, মৃত্যুর আগে অভিযুক্তের নাম জানিয়ে গেলেন কওসেন!

উত্তরপ্রদেশের গাজিপুরে জনবহুল বাজারের মধ্যে এক জুতো ব্যবসায়ীকে গুলি...

‘বাজি ফাটিয়ে দূষণ বাড়লেও আপত্তি নেই!’ দীপাবলির বাজিতে দূষণ বৃদ্ধি মানতে নারাজ যোগী

দীপাবলির পর দেশের বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষ...

Topics

‘উস্কানি ছড়ানোর আশঙ্কা’, ভোটের মুখে সোনম ওয়াংচুকের উপর ৬০ দিনের নিষেধাজ্ঞা জারি লেহ প্রশাসনের

লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের উপর নতুন...

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

‘বাজি ফাটিয়ে দূষণ বাড়লেও আপত্তি নেই!’ দীপাবলির বাজিতে দূষণ বৃদ্ধি মানতে নারাজ যোগী

দীপাবলির পর দেশের বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষ...

ফের বাড়ল দুধের দাম, লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা আমুল, আজ থেকেই কার্যকর নতুন দাম

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার মধ্যে এবার সাধারণ মানুষের পকেটে...

Related Articles

Popular Categories